OMG! উল্টোরথে বাধলো বিপত্তি, ভেঙে পড়ল রথের চূড়া, দুর্ঘটনায় জখম হলেন ২ পুণ্যার্থী

রথযাত্রা ঘিরে উৎসবের আমেজ থাকলেও, কোচবিহারের দিনহাটায় উল্টো রথের দিন ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। রথের চূড়ার একটি অংশ ভেঙে পড়ে গুরুতর আহত হলেন দুই পুণ্যার্থী। শনিবার সন্ধ্যায় দিনহাটার বড়নাচিনা সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পরই হুড়োহুড়ি শুরু হয়ে যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দিনহাটায় উল্টো রথযাত্রার আয়োজন করা হয়েছিল। রথ বড়আটিয়া বাড়ি থেকে দিনহাটা বড়নাচিনা বাঁশতলা এলাকার দিকে আসছিল। রথ যখন রাস্তায় এগিয়ে আসছিল, তখন তার চারিপাশে ছিল উপচে পড়া ভিড়। রথটি যখন বড়নাচিনা বাঁশতলা এলাকায় প্রবেশ করতে যাবে, ঠিক তখনই বিপত্তি ঘটে। রাস্তার উপরে থাকা কেবলের তার রথের চূড়ার সাথে আটকে যায়। এর ফলেই রথের চূড়ার একটি অংশ ভেঙে ভক্তদের মাথার উপর আছড়ে পড়ে। এই ঘটনায় ভারতী বর্মন এবং দুলাল আর্য নামের দুই পুণ্যার্থী মাথায় আঘাত পান। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান।

আহত দুলাল সংবাদমাধ্যমকে জানান, “বড়নাচিনা রোডে রথ আসতেই হঠাৎ রথের চূড়া কেবল পরিষেবার তারে লেগে তা ভেঙে পড়ে যায়। সে সময় আমি রথের দড়ি ধরেই ছিলাম। আর চূড়ার ভাঙা অংশ মাথায় লাগার পরই আমার মাথা ফেটে যায়। আরও এক মহিলারও মাথায় আঘাত লাগে।” যদিও বর্তমানে আহত দুজনই স্থিতিশীল এবং সুস্থ রয়েছেন বলে খবর।

উল্লেখ্য, গত সপ্তাহে রথযাত্রার দিন হুগলিতেও প্রায় একই ভাবে রথের চূড়া ভেঙে বিপত্তি ঘটেছিল। টি এন মুখার্জি রোড ধরে কালীপুরের দিকে যাওয়ার পথে ডানকুনি পুরসভার কাছে এই দুর্ঘটনা ঘটে। সেই ঘটনায় তিনজন ভক্ত আহত হয়েছিলেন, যাদের মধ্যে পরবর্তীতে একজনের মৃত্যু হয়। পরপর দুটি রথযাত্রায় একই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি উৎসবের সময় জননিরাপত্তা এবং রথযাত্রার অবকাঠামো রক্ষণাবেক্ষণ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। কর্তৃপক্ষকে এ বিষয়ে আরও সতর্ক ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে সর্বস্তরে।