‘ঠিক করে দেখাও’, ভাইরাল ট্রেন্ডে চ্যালেঞ্জ সরকারকে! এর পিছনে রহস্য কী?

২০১৪ সালে ‘আইস বাকেট চ্যালেঞ্জ’ ঝড় তুলেছিল গোটা বিশ্বে। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ—প্রায় সবাই মাথায় বরফ ঢেলে শামিল হয়েছিলেন সেই দানমূলক উদ্যোগে। এক দশক পেরিয়ে, ২০২৫ সালে এসে ফের নতুন এক ট্রেন্ড ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায়। তবে এবার আর ব্যক্তিগত বিনোদন নয়, টার্গেট সরকার!

নতুন এই ট্রেন্ডে নাগরিকেরা সেইসব সমস্যার ছবি শেয়ার করছেন, যেগুলোর সমাধান করার কথা প্রশাসনের, অথচ দীর্ঘদিন ধরে সেগুলোর দিকে চোখ তুলে তাকায়নি কেউ। ফাঁকফোকর গলে বেরিয়ে যাওয়া সেই সমস্ত দুরবস্থার চিত্রই এবার পোস্ট হচ্ছে হু-হু করে— রাস্তায় গর্ত, আবর্জনায় ভরা পুকুর, ভাঙা ফুটপাথ কিংবা নিকাশি সমস্যার ছবি।সঙ্গে ক্যাপশন—“ঠিক করে দেখান!”“Fix it, clean it — if you can!”

এই আন্দোলনের শুরু উত্তরপ্রদেশ থেকে। এক সমাজকর্মী ও ইনফ্লুয়েন্সার প্রথম একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি একটি ভয়ঙ্কর গর্তের রাস্তার ছবি দিয়ে স্থানীয় প্রশাসনকে ট্যাগ করেন। সেখান থেকেই আগুন ছড়ায়।

এরপর একে একে সাধারণ মানুষও যোগ দিতে থাকেন এই ট্রেন্ডে। কেউ দুঃস্থ হাসপাতালের ছবি দিচ্ছেন, কেউ আবার জলবন্দি স্কুল চত্বরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছেন স্থানীয় জনপ্রতিনিধিদের।

বিষয়টি আরও চমকপ্রদ হয়ে উঠেছে যখন অনেকেই AI (Artificial Intelligence) দিয়ে সেই একই জায়গার সম্ভাব্য রূপ তৈরি করে পোস্ট করছেন। যেমন—আবর্জনায় ভরা লেকের পাশে পোস্ট করছেন, “এভাবেও তো দেখতে পারত!”

একদিকে বাস্তবের নোংরা ছবি, আরেকদিকে কল্পনার পরিচ্ছন্ন সংস্করণ। এক ধরনের সামাজিক চাপ তৈরি হচ্ছে প্রশাসনের উপর।এই মুহূর্তে ‘#ঠিক_করে_দেখান’, ‘#FixItChallenge’, ‘#ChallengeToGovernment’ হ্যাশট্যাগে ভরে উঠছে ফেসবুক, এক্স (টুইটার) ও ইনস্টাগ্রাম। কেউ স্থানীয় কাউন্সিলরকে ট্যাগ করছেন, কেউ আবার সরাসরি মুখ্যমন্ত্রী বা পুরসভার আধিকারিকদের।

অনেকের মতে, এই ট্রেন্ড শুধু সোশ্যাল মিডিয়ার ঝড় নয়, বরং সরকারের নীতির বিরুদ্ধে এক সোচ্চার প্রতিবাদ। আবার কেউ কেউ বলছেন, এটি যত না সমাধানমূলক, তার চেয়ে বেশি “নাগরিক রাগের ডিজিটাল বহিঃপ্রকাশ”।

তবে যাই হোক, এই ট্রেন্ড প্রমাণ করে, এখনকার মানুষ শুধু অভিযোগ করেন না, হাতেকলমে সমস্যার দিক দেখাতেও প্রস্তুত। প্রশাসনের তরফে এ বিষয়ে এখনো কোনও প্রতিক্রিয়া মেলেনি।