ভারতে আইফোন তৈরিতে টানাপোড়েন! চিনের চালাকি কি ক্ষতি করবে অ্যাপলকে?

এক সময় চিনই ছিল অ্যাপল আইফোন তৈরির একমাত্র ঘাঁটি। তবে সময় বদলেছে। এখন ভারতেও তৈরি হচ্ছে বিলাসবহুল এই স্মার্টফোন। ফক্সকন, পেগাট্রন ও টাটা গোষ্ঠীর কারখানায় তৈরি হচ্ছে আইফোন, আর সেখান থেকেই আমেরিকা ও ইউরোপের বাজারে রপ্তানি করা হচ্ছে অ্যাপেলের পণ্য।
তবে এবার এই ভারত-কেন্দ্রিক উৎপাদন প্রক্রিয়াতেই বাধা দেওয়ার চেষ্টা করছে চিন।
ব্লুমবার্গ-এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যাপলের প্রধান উৎপাদন সহযোগী তাইওয়ানের সংস্থা ফক্সকন ভারতের যেসব কারখানায় কাজ করছে, সেখান থেকে গত দুই মাসে প্রায় ৩০০ জন চিনা ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানকে চিন ফিরিয়ে নিয়েছে।
চিনের এই সিদ্ধান্তে ভারতীয় ইউনিটে আইফোন ১৭ তৈরির প্রস্তুতি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চিনা কর্মীরা মূলত যন্ত্রপাতি পরিচালনা, প্রযুক্তিগত সহায়তা এবং উচ্চদক্ষতা সম্পন্ন কাজ সামলাতেন।
চিনের উদ্দেশ্য কী?
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ কোনও “কাকতালীয় ঘটনা” নয়। বরং এর পিছনে রয়েছে চিন সরকারের কৌশলী পরিকল্পনা।
ব্লুমবার্গ জানিয়েছে, চিন সরকার তাদের সংস্থা ও কর্মীদের উপর চাপ সৃষ্টি করছে যাতে তারা ভারত-সহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশের কারখানা থেকে সরে আসে। উদ্দেশ্য একটাই— প্রতিযোগিতায় এগিয়ে থাকা ভারতকে চাপের মুখে ফেলা।
ফক্সকন সূত্রে খবর, চিনা কর্মীরা সরে যাওয়ায় বর্তমানে শুধু তাইওয়ানের কর্মীদের দিয়েই কাজ সামলানো হচ্ছে। কিন্তু এই পরিবর্তনের ফলে কিছুটা গতি হারাতে পারে আইফোন ১৭-এর প্রস্তুতির কাজ।
অ্যাপল এবং ফক্সকনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। তবে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
ভারতে আইফোন উৎপাদন কি ধাক্কা খাবে?
ভারত বর্তমানে অ্যাপলের বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে দ্রুত উঠে আসছে। এমন পরিস্থিতিতে চিনের এই পদক্ষেপ যে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরির কৌশল— তা বলছেন অনেকেই।
এখন দেখার বিষয়, অ্যাপল এই সংকট সামাল দিতে কী কৌশল নেয়, আর ভারত সরকার এই ঘটনার প্রেক্ষিতে কতটা সক্রিয় হয়।