অবহেলার শিকার হয়ে জলাতঙ্কে মৃত্যু কাবাডি খেলোয়াড় ব্রজেশ সোলাঙ্কির!

একটি ছোট ভুল এবং সামান্য অবহেলা কেড়ে নিল এক উঠতি তারকার প্রাণ। উত্তরপ্রদেশের বুলন্দশহরে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে রাজ্য স্তরের কাবাডি খেলোয়াড় ব্রিজেশ সোলাঙ্কির (Brijesh Solanki)। মার্চের এক সাধারণ ঘটনা, যা কিনা তার জীবনের শেষ অধ্যায় হয়ে দাঁড়াবে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি এই তরুণ।
জানা গেছে, গত মার্চ মাসে একটি কুকুরছানাকে ড্রেন থেকে উদ্ধার করার সময় তাকে কামড়েছিল একটি কুকুর। কিন্তু সেই কামড়কে ব্রিজেশ এতটাই সামান্য ভেবেছিলেন যে, তিনি জলাতঙ্ক প্রতিরোধী টিকা নেওয়ার প্রয়োজন বোধ করেননি। এই অবহেলাই যে তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে, তা তখন কারোরই বোধগম্য ছিল না।
গত বৃহস্পতিবার হঠাৎ করেই ব্রিজেশের স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করে। প্রথমে তার হাত অসাড় হয়ে আসে, এরপর এই অসাড়তা এবং দুর্বলতা তার সারা শরীরে ছড়িয়ে পড়ে। উদ্বিগ্ন পরিবার তাকে দ্রুত আলিগড়ের জীবন জ্যোতি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার গুরুত্ব বুঝে চিকিৎসকরা তাকে উচ্চতর চিকিৎসার জন্য রেফার করেন। এরপর তাকে মথুরায় নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেও তার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি।
অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় ব্রিজেশকে নিয়ে আসা হয় দিল্লির জিটিবি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা নিশ্চিত করেন যে তিনি জলাতঙ্ক রোগে আক্রান্ত। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। মারণ রোগটি তার শরীরে এতটাই ছড়িয়ে পড়েছিল যে চিকিৎসকদেরও কিছু করার ছিল না। অবশেষে, শুক্রবার সকালে যখন পরিবার তাকে গ্রামে ফিরিয়ে আনছিল, পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রিজেশ।
এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল জলাতঙ্ক রোগের ভয়াবহতা এবং সময় মতো টিকা নেওয়ার আবশ্যকতা। একটি সামান্য কুকুর কামড়কে উপেক্ষা করার চরম মূল্য দিতে হলো এক তরুণ খেলোয়াড়কে। ব্রিজেশ সোলাঙ্কির এই মর্মান্তিক মৃত্যু শুধু তার পরিবারের জন্যই নয়, সমগ্র সমাজের জন্যই এক সতর্কবার্তা – জলাতঙ্ক প্রতিরোধে কোনো প্রকার অবহেলা নয়, দ্রুত এবং সম্পূর্ণ টিকাকরণই একমাত্র পথ।