“ক্লাস নাইনে পড়া মেয়েটা যে কখন প্রেমিকা থেকে স্ত্রী হয়ে গেল”-কাঞ্চন মল্লিক

সকাল থেকেই মল্লিক বাড়িতে ছিল সাজ সাজ রব, কারণ আজ অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের জন্মদিন। আর এই বিশেষ দিনে স্ত্রী শ্রীময়ীকে চমক দিতে ভোলেননি অভিনেতা কাঞ্চন মল্লিক। একগুচ্ছ উপহার, ফুল আর হাতে লেখা ভালোবাসায় ভরা চিঠি দিয়ে স্ত্রীর জন্মদিনকে আরও স্পেশাল করে তুলেছেন তিনি।
জন্মদিন উপলক্ষে দুপুরে বাড়িতে ছিল এলাহি আয়োজন। মেন্যুতে ছিল ডাল, আলু ভাজা, ইলিশ, মাংস, আলু পোস্তসহ নানা পদ। পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গে আনন্দ ও ভালোবাসায় দিনটি কাটিয়েছেন তাঁরা।
সামাজিক মাধ্যমে স্ত্রীর উদ্দেশে এক আবেগঘন চিঠি লিখেছেন কাঞ্চন। সেখানে তিনি লেখেন, “ক্লাস নাইনে পড়া মেয়েটা কখন যে প্রেমিকা থেকে স্ত্রী হয়ে কৃষভির মা হয়ে গেল বুঝতেই পারলাম না। এতটা পথচলা, এতটা পরিবর্তন শুধু চেয়ে চেয়ে দেখলাম – দেখলাম কিভাবে একজন বন্ধু – প্রেমিকা, স্ত্রী থেকে একজন দায়িত্বশীল মা হয়ে ওঠে। তুমি ভাল থেকো, সুস্থ থেকো, আমরা সবাই মিলে ঠিক এভাবেই এগিয়ে যাব ভবিষ্যতের দিকে। শুভ জন্মদিন শ্রীময়ী।”
শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের আলাপ বহু বছর আগে, যখন শ্রীময়ী ক্লাস নাইনে পড়তেন। সেই সময় প্রেমের সম্পর্ক না থাকলেও, পরে তা প্রেমে রূপ নেয় এবং গত বছর তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের কয়েক মাসের মধ্যেই শ্রীময়ী মা হন। বর্তমানে ছেলে কৃষভিকে নিয়ে সুখের সংসার তাঁদের।
সম্প্রতি উইন্ডোজ প্রোডাকশনের আসন্ন সিনেমা ‘ভানুপ্রিয়া ভাতের হোটেল’-এর শুটিংয়ের জন্য কাঞ্চন কুলু-মানালিতে গিয়েছিলেন। সেই সফরে শ্রীময়ী ও তাঁদের সন্তান কৃষভিও সঙ্গে ছিলেন। শুটিং শেষে কলকাতায় ফিরে রথযাত্রার আনন্দে মেতে ওঠে মল্লিক পরিবার। আজ শ্রীময়ীর জন্মদিন ঘিরে সেই আনন্দের রেশ আরও বেড়েছে।
সমালোচনা আর ট্রোলকে পাশে সরিয়ে রেখে কাঞ্চন ও শ্রীময়ী সামাজিক মাধ্যমে নিজেদের সম্পর্ক নিয়ে সব সময় খোলামেলা থাকেন। নানা আলোচনার মধ্যেও তাঁদের ভালোবাসা ও উদযাপন থেমে থাকেনি। জন্মদিনের এই বিশেষ দিনটিও তার আরও একবার প্রমাণ দিল।