মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, আপাতত স্থগিত চারধাম যাত্রা

প্রবল বৃষ্টি এবং ভূমিধসের আশঙ্কায় উত্তরাখণ্ড প্রশাসন রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য চারধাম যাত্রা স্থগিত ঘোষণা করেছে। তীর্থযাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গত কয়েকদিনের টানা বর্ষণে উত্তরাখণ্ডে ব্যাপক ভূমিধস দেখা দিয়েছে। এর ফলে হরিদ্বার, ঋষিকেশ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, সোনপ্রয়াগ সহ বিভিন্ন স্থানে হাজার হাজার পুণ্যার্থী আটকা পড়েছেন। প্রশাসন জানিয়েছে, ২৯ জুন, রবিবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এই স্থগিতাদেশ কার্যকর থাকবে, তবে আবহাওয়ার উন্নতি না হলে তা বাড়ানো হতে পারে।
এদিকে, রবিবার সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় মেঘ ভাঙা বৃষ্টির ফলে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বারকোট-যমুনোত্রী সড়কের পাশে বালিগড়ে হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টির কারণে হরপা বান নেমে আসে। ওই এলাকায় একটি নির্মীয়মাণ হোটেলে ৯ জন শ্রমিক ছিলেন, যাদের খোঁজ এখনও পাওয়া যায়নি। ভারী বৃষ্টি উপেক্ষা করেই নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
মৌসম ভবন উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা (Red Alert) জারি করেছে। ভারী বৃষ্টির কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গেছে। এর মধ্যে নন্দপ্রয়াগ এবং ভানেরোপানীর কাছে জাতীয় সড়ক অন্যতম। রুদ্রপ্রয়াগের সোনপ্রয়াগ-মুঙ্কাতিয়া সড়কেও যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়াও, বদ্রীনাথের ৭ নম্বর জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
তীর্থযাত্রীদের প্রতি প্রশাসনের আবেদন, এই পরিস্থিতিতে কোনো ঝুঁকি না নিয়ে নিরাপদ স্থানে থাকুন এবং প্রশাসনের নির্দেশিকা মেনে চলুন। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যাত্রা শুরু করার ঘোষণা করা হবে।