‘কাঁটা লগা’-গার্লের মৃত্যুতে রহস্য? শেফালী জরিওয়ালার প্রয়াণে শুরু পুলিশি তদন্ত

‘কাঁটা লগা’ মিউজিক ভিডিওর মাধ্যমে রাতারাতি তারকা বনে যাওয়া শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে গোটা বলিউড স্তম্ভিত। শুক্রবার রাতে মাত্র ৪২ বছর বয়সে এই অভিনেত্রীর প্রয়াণ ঘিরে শুরু হয়েছে পুলিশি তদন্ত, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে। যদিও প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর শোনা যাচ্ছে, তবে পুলিশ এটিকে ‘সন্দেহজনক’ মৃত্যু হিসেবে দেখছে এবং কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনও জারি করা হয়নি।
গতকাল গভীর রাতে মুম্বইয়ের আন্ধেরিতে শেফালির বাড়িতে পৌঁছায় পুলিশের একটি দল, সঙ্গে ছিল ফরেনসিক টিমও। সূত্রের খবর, বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে। এই তৎপরতা স্বাভাবিক মৃত্যুর ধারণাকে আরও প্রশ্নবিদ্ধ করছে। পুলিশের এই অস্বাভাবিক সতর্কতা ইঙ্গিত দিচ্ছে যে, তদন্তকারীরা শেফালির মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন।
শেফালির স্বামী, অভিনেতা পরাগ ত্যাগী দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা সেখানেই তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য শেফালির দেহ কুপার হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ২০১৫ সালে পরাগ ত্যাগীর সঙ্গে শেফালির বিয়ে হয়।
২০০২ সালে মুক্তি পাওয়া ‘কাঁটা লগা’ মিউজিক ভিডিওটি শেফালিকে ব্যাপক পরিচিতি এনে দেয়। তার অনবদ্য নাচ এবং মন মুগ্ধ করা উপস্থিতি রিমিক্স গানের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। এই মিউজিক ভিডিও এতটাই জনপ্রিয় হয়েছিল যে শেফালি জারিওয়ালার নামের সঙ্গে ‘কাঁটা লগা’ অবিচ্ছেদ্যভাবে জুড়ে যায়।
সম্প্রতি বিগ বস ১৩-এর প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লারও অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল, যা শোবিজ অঙ্গনে শোকের ছায়া ফেলেছিল। শেফালিও বিগ বস ১৩-এর একজন জনপ্রিয় প্রতিযোগী ছিলেন। এছাড়াও তিনি ‘নাচ বলিয়ে ৫’ এবং ‘নাচ বলিয়ে ৭’ রিয়্যালিটি শোয়ে স্বামী পরাগের সঙ্গে অংশ নিয়েছিলেন। বলিউডের সুপারহিট ছবি ‘মুঝসে শাদি করোগি’-তেও তাকে দেখা গিয়েছিল সালমান খান, অক্ষয় কুমার এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে।
হঠাৎ করেই এই প্রতিভাবান অভিনেত্রীর প্রয়াণ বলিউডে গভীর শোকের ছায়া ফেলেছে। একই সাথে, পুলিশের ‘সন্দেহজনক’ মৃত্যুর তকমা এবং দ্রুত তদন্তের প্রক্রিয়া শেফালির শেষ দিনগুলো ঘিরে এক নতুন প্রশ্ন তৈরি করেছে। তার অনুরাগীরা এবং বলিউড মহল অধীর আগ্রহে পুলিশি তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে আছে।