৭ বার বাতিলের পর নতুন তারিখ ঘোষণা নাসার, কবে মহাকাশে পাড়ি দেবেন শুভাংশু শুক্লা?

সাত-সাতবার ব্যর্থতার পর অবশেষে কি কপাল খুলতে চলেছে ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার? নাসার ঘোষণা অনুযায়ী, আগামীকাল, বুধবার (২৫ জুন), স্পেস এক্সের মহাকাশযান অ্যাক্সিওম-৪ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) উদ্দেশ্যে উড়ে যাবে। বারবার তারিখ পিছিয়ে যাওয়ায় ভারতীয় মহাকাশপ্রেমীরা হতাশ হলেও, এই নতুন সময়সীমা নতুন করে আশার সঞ্চার করেছে।

প্রাথমিকভাবে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার নেতৃত্বে এই মহাকাশযাত্রা গত ২৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তারপর যান্ত্রিক ত্রুটি, প্রতিকূল আবহাওয়া, এমনকি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফাটল ধরার মতো নানা কারণে বারবার এটি স্থগিত করা হয়। ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের যানে ত্রুটি থেকে শুরু করে জভেজদা সার্ভিস মডিউলের পিছনের অংশে মেরামতির কাজ বাকি থাকা—সবই এই দীর্ঘ বিলম্বের কারণ। সর্বশেষ, পোস্ট-স্ট্যাটিক ফায়ার বুস্টার চেকিংয়ের সময় LOx লিক করার কারণে ২২ জুনের নির্ধারিত ডেডলাইনও পার হয়ে যায়।

তবে, এবার নাসা আশ্বস্ত করেছে যে, সবকিছু ঠিকঠাক আছে। নাসার পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়েছে, ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের ৩৯এ লঞ্চ কমপ্লেক্স থেকে ভারতীয় সময় অনুযায়ী আগামীকাল দুপুর ১২টা ১ মিনিটে অ্যাক্সিওম-৪ তার যাত্রা শুরু করবে। নভোচারীরা নতুন স্পেস এক্স ড্রাগন স্পেসক্র্যাফ্টে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবেন, যাকে মহাকাশে পৌঁছে দেবে ফ্যালকন ৯ রকেট। মহাকাশযানের ISS-এর সঙ্গে ডকিংয়ের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ২৬ জুন বিকেল ৪টা ৩০ মিনিট (ভারতীয় সময়)। নাসা নিশ্চিত করেছে যে, স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেট এবং ড্রাগন স্পেসক্র্যাফ্ট উভয়ই ‘গুড কন্ডিশন’-এ রয়েছে।

এই মিশনের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন নাসার প্রাক্তন মহাকাশচারী পেগি হুইটসন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশচারী শুভাংশু শুক্লা এই মিশনের কমান্ডার হিসেবে নেতৃত্ব দেবেন। তাঁর সাথে এই মিশনে বিশেষজ্ঞ হিসেবে যোগ দেবেন পোল্যান্ডের ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্রজেক্ট অ্যাস্ট্রোনট সাওজ উজনাস্কি উইনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু।

অ্যাক্সিওম-৪ মিশনের এই দীর্ঘ প্রতীক্ষা মহাকাশ গবেষণার জটিলতা এবং চ্যালেঞ্জগুলো আবারও প্রমাণ করে দিল। এখন সারা বিশ্বের চোখ থাকবে ২৫ জুনের দিকে—শেষ পর্যন্ত কি শুভাংশু শুক্লার নেতৃত্বাধীন এই ঐতিহাসিক মিশন সফলভাবে মহাকাশে পাড়ি দেবে?