গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা নিয়ে বড় ধাক্কা খেল রাজ্য, বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তে ধাক্কা খেল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা আজ এই ভাতার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে নির্দেশ দিয়েছেন যে, আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভাতা দেওয়া যাবে না। রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার শুনানিতে বিচারপতি এই নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি (SSC) প্যানেলের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছিল। যদিও পরবর্তীতে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের ডিসেম্বরের শেষ পর্যন্ত চাকরি চালিয়ে যাওয়ার অনুমতি দেয় শীর্ষ আদালত, কিন্তু গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা আর স্কুলে যোগ দিতে পারেননি।

সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে, চাকরিহারা গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। পূর্ববর্তী শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা এই ভাতার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি মন্তব্য করেছিলেন, “যাঁরা এই টাকা পাবেন, তাঁদের থেকে রাজ্য প্রতিদানে কী পাবে? তাঁরা ঘরে বসে থাকবেন আর টাকা পাবেন? সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর এরা টাকা পেতে থাকবেন?”

আজ শুক্রবার এই মামলার রায় ঘোষণা করেন বিচারপতি সিনহা। তিনি রাজ্যের নির্দেশিকা খারিজ করে দেন এবং স্পষ্ট নির্দেশ দেন যে, আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকার কোনো গ্রুপ সি বা গ্রুপ ডি কর্মীকে এই নির্ধারিত ভাতা দিতে পারবে না। এই রায়ের ফলে চাকরিহারা কর্মীদের ভাতার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল।