ট্রাম্পকে হত্যা করতে কী ষড়যন্ত্র করেছিল ইরান? খোলসা করলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিস্ফোরক দাবি করে বলেছেন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেছিল। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে নেতানিয়াহু এই চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি বলেন, “ইরান ট্রাম্পকে শত্রু নম্বর এক হিসেবে দেখছে এবং তাঁকে হত্যার পরিকল্পনাও করেছে।”
নেতানিয়াহুর মতে, ট্রাম্পের ২০১৮ সালে ইরানের পারমাণবিক চুক্তি (JCPOA) থেকে সরে আসা এবং ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যাই তাঁকে ইরানের শীর্ষ টার্গেটে পরিণত করে।
ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা প্রসঙ্গে নেতানিয়াহু জোর দিয়ে বলেন যে, ট্রাম্প খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না। নেতানিয়াহুর দাবি, ইরান এখন দ্রুতগতিতে ইউরেনিয়াম মজুদ করছে এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডারও বাড়াচ্ছে। তিনি বলেন, “ইরান বছরে ৩,৬০০ ক্ষেপণাস্ত্র তৈরি করছে, তিন বছরের মধ্যে তাদের ভাণ্ডার দাঁড়াবে ১০,০০০-এ এবং ২৬ বছরের মধ্যে ২০,০০০-এ।” এমন পরিস্থিতিতে ইসরায়েলের মতো একটি ছোট দেশ এটা সহ্য করতে পারে না বলেও তিনি জানান।
সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও উল্লেখ করেন যে, একবার তাঁর বাড়ির শোবার ঘরের জানালার দিকে ইরান ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, ইরান তাঁকেও ব্যক্তিগতভাবে লক্ষ্য করছে। এ প্রসঙ্গে তিনি নিজেকে ট্রাম্পের ‘জুনিয়র পার্টনার’ হিসেবে উল্লেখ করেন, যিনি ইরানের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বকে রক্ষা করছেন।
নেতানিয়াহু ইসরায়েলি ‘অপারেশন রাইজিং লায়ন’-কে ‘ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযান’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি দাবি করেন, এই আক্রমণে ইরানের পারমাণবিক কর্মসূচি “বেশ কিছুটা পিছিয়ে পড়েছে” এবং ভবিষ্যতের আলোচনার ক্ষেত্রেও একটি কড়া বার্তা পৌঁছে গেছে।
ইরান ইসরায়েলের শহরগুলিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়লেও, অধিকাংশ ক্ষেপণাস্ত্র আটকে দেওয়া হয়েছে বলেও নেতানিয়াহু দাবি করেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে শুধু ইসরায়েলের সুরক্ষা নয়, গোটা বিশ্বের স্বার্থেই যা কিছু প্রয়োজন তা করতে তাঁর দেশ প্রস্তুত।
সাক্ষাৎকারের শেষদিকে ইরানি জনগণের উদ্দেশে বার্তা দিয়ে নেতানিয়াহু বলেন, “আপনারা গত ৫০ বছর ধরে ইসলামী শাসনের অধীনে রয়েছেন, যারা বারবার ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দিয়ে এসেছে।” নেতানিয়াহুর এই দাবিগুলো আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।