দুঃসংবাদ সুরাপ্রেমীদের জন্য! কিছু দিনের মধ্যেই এই রাজ্যে হুহু করে বাড়বে মদের দাম

আম আদমি পার্টিকে (আপ) ক্ষমতা থেকে সরিয়ে দিল্লিতে এখন বিজেপির শাসন। পালাবদলের পর রাজ্য সরকার এবার নতুন নিয়ম চালু করতে চলেছে, যার অন্যতম হলো নতুন আবগারি নীতি। চলতি মাসের শেষ দিক থেকেই রাজধানীতে এই নীতি কার্যকর হতে পারে, যার ফলে মদের বিক্রি, আমদানি এবং রপ্তানিতে বড় পরিবর্তন আসবে।

দিল্লির নতুন বিজেপি সরকার মদ বিক্রি, আমদানি এবং রপ্তানির ওপর নতুন করে চিন্তাভাবনা করছে। তাদের দাবি, এই নতুন আবগারি নীতি হবে অনেক বেশি স্বচ্ছ, আধুনিক এবং সহজ। এর মাধ্যমে মদ ব্যবসার ক্ষেত্রে দীর্ঘদিনের জটিলতা দূর হবে এবং আরও সুশৃঙ্খলভাবে এই প্রক্রিয়া পরিচালিত হবে।

এই বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল, যারা সমস্ত রিপোর্ট এক করে ৩০ জুনের মধ্যে জমা দেবে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই নতুন নীতি চূড়ান্ত করা হবে এবং দ্রুত তা কার্যকর করা হবে।

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ সরকার একটি নতুন আবগারি নীতি চালু করেছিল। কিন্তু সেই নীতি ঘিরে পরবর্তীতে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে, এবং সেই আবগারি দুর্নীতি মামলায় একের পর এক আপ নেতার নাম জড়িয়ে যায়। এই তালিকায় স্বয়ং মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার নামও ছিল। এই দুর্নীতির খেসারত আপকে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে দিতে হয়েছে বলে মনে করা হয়।

নতুন যে আবগারি নীতি চালু করা হবে, সেখানে করের পরিমাণ বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। বৈধ মদের দোকানের ওপর বিশেষ জোর দেওয়া হবে এবং কনজিউমার সেফটির দিকটি নিবিড়ভাবে নজরে রাখা হবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, মদ বিক্রির পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার দিকেও তারা জোর দিতে চাইছেন, তাই এই নতুন আবগারি নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, প্রতিটি মদের গুণমান যাতে সঠিক থাকে, সেদিকে বিশেষ জোর দেওয়া হবে। যদি কোথাও অবৈধভাবে মদ বিক্রি করা হয়, তাহলে সেখানে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও খবর মিলেছে। প্রতিটি ক্ষেত্রে বৈধ লাইসেন্সকে এবার থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

কমিটির রিপোর্ট হাতে আসার পর দিল্লির মন্ত্রিসভা গোটা বিষয়টি রিভিউ করবে এবং তারপর নতুন আবগারি নীতি চালু করবে। এই নীতির ফলে দিল্লিতে মদের দাম ব্যাপকভাবে বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে, যা মদ ক্রেতাদের পকেটে প্রভাব ফেলবে।