ওজন বাড়ায় নোংরা ট্রোলের মুখে বিপাশা! “আমার জায়গায় অন্য…”- অবশেষে মুখ খুললেন নায়িকা

অভিনেত্রী বিপাশা বসু সম্প্রতি তাঁর প্রসব-পরবর্তী ওজন বৃদ্ধি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোল এবং মিমের শিকার হয়েছিলেন। একটি ভাইরাল ভিডিওতে তাঁর ওজন বেশ কিছুটা বেড়ে যাওয়া নিয়ে নেটিজেনদের একাংশ কদর্য মন্তব্য করেছিলেন। এবার সেই নোংরা ট্রোলের বিরুদ্ধে সরাসরি মুখ খুলেছেন বিপাশা বসু, এবং পাশে পেয়েছেন স্বামী করণ সিং গ্রোভারকেও।
প্রাক্তন মিস ইন্ডিয়া এবং বিউটি ইনফ্লুয়েন্সার শ্বেতা বিজয় নায়ার সম্প্রতি ইনস্টাগ্রামে মহিলাদের ওপর থাকা ‘অযৌক্তিক প্রত্যাশা’ নিয়ে সরব হয়েছিলেন। তিনি তাঁর রিলে মাতৃত্বের আবেগ এবং শারীরিক কষ্টের কথা তুলে ধরেছেন। শ্বেতা জোর দিয়ে বলেন যে, কীভাবে মহিলাদের একাধিক ভূমিকা পালন করতে হয় এবং একই সাথে তাদের চেহারার ছোটখাটো খুঁতগুলো নিয়েও কাঁটাছেড়া চলে। শ্বেতার এই পোস্টের কমেন্ট সেকশনেই বিপাশা পুরো বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
বিপাশা তাঁর মন্তব্যে লেখেন, “ধন্যবাদ তোমার স্পষ্ট কথাগুলোর জন্য। আশা করি মানবজাতি এত অগভীর এবং এত নীচ থাকবে না… এবং তারা প্রতিদিন মহিলাদের লক্ষ লক্ষ ভূমিকা পালনের জন্য উৎসাহিত ও প্রশংসা করবে।”
তিনি আরও যোগ করেন, “আমি একজন আত্মবিশ্বসী মহিলা, আমার একটা যত্নবান ও সহযোগী পরিবার আছে। মিম এবং ট্রোল আমাকে সংজ্ঞায়িত করে না। তবে এগুলো মহিলাদের প্রতি সমাজের যে দৃষ্টিভঙ্গি, তা তুলে ধরে। আমার জায়গায় অন্য কোনো মহিলা হলে হয়তো এই ধরনের মন্তব্য দেখে মানসিকভাবে ভেঙে পড়তে পারত। যাই হোক, আমাদের সকলের কণ্ঠ যদি এভাবেই শক্তিশালী থাকে এবং মহিলারা যদি মহিলাদের এভাবেই সমর্থন করে, তাহলে নারীরা আরও উপরে উঠবে। আমরা অদম্য।”
View this post on Instagram
বিপাশার স্বামী, অভিনেতা করণ সিং গ্রোভারও স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। তিনি মন্তব্যে লিখেছেন, “আমাদের পরিচিত এবং ভালোবাসার সমস্ত মহিলাদের একটি আসনে বসানো উচিত এবং তাঁদের পুজো করা উচিত। তাঁরাই হলেন সেই দেবী যাদের আমাদের পুজো করা উচিত। আমি বিশ্বাস করি যে ঈশ্বর/উৎস একটি নারী শক্তি। জীবন নামক সুন্দর জিনিসটি অন্য কিছু তৈরি করতে পারে না।” সঙ্গে তিনি বিপাশাকে ‘এত অসাধারণ’ হওয়ার জন্য ধন্যবাদও জানিয়েছেন।
করণ ও বিপাশা বিয়ের ছয় বছর পর, ২০২২ সালের ১২ নভেম্বর তাঁদের প্রথম সন্তান, কন্যা দেবীর জন্ম দেন। জন্মলগ্নে দেবীর হার্টে ছোট্ট একটি ছিদ্র ছিল, যার জন্য তিন মাস বয়সে তার ওপেন হার্ট সার্জারি করানো হয়। তবে, এখন একরত্তি দেবী পুরোপুরি সুস্থ আছে।