Weather: ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, জেনেনিন কোন কোন জেলায় দুর্যোগের আশংকা?

তীব্র দহনজ্বালা আর কাঠফাটা গরম থেকে অবশেষে স্বস্তির ইঙ্গিত! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার (১৫ জুন) থেকেই দক্ষিণবঙ্গে শুরু হতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। শুধু বৃষ্টিপাতই নয়, এর সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও, যা প্রাক-বর্ষার এক ভিন্ন আমেজ নিয়ে আসবে।
দীর্ঘদিন ধরে মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ২৬ মে এবং পূর্ব অংশ ২৯ মে থেকে একই জায়গায় অবস্থান করছিল। পশ্চিমবঙ্গের বালুরঘাটে এসে থমকে গিয়েছিল দুর্বল মৌসুমী বায়ু। অবশেষে বাংলায় তা ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে, যা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি করবে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে।
আগামী সপ্তাহের প্রথম দিন থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। সোম থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার বাসিন্দারাও এই সময় সন্তোষজনক বৃষ্টি পাবেন বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে আবারও প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। রবিবার পর্যন্ত দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সোম ও মঙ্গল কিছুটা বিরতির পর বুধবার থেকে ফের ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং মালদা জেলায়।
উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন নদীর জলস্তর বাড়বে এবং পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে। এর ফলে দৃশ্যমানতা কমতে পারে। সড়কপথে যান চলাচলের ক্ষেত্রে পর্যটকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই আবহাওয়া পরিবর্তন নিঃসন্দেহে রাজ্যের কৃষিক্ষেত্রে যেমন সুফল আনবে, তেমনই কিছু ক্ষেত্রে জনজীবনে সাময়িক অসুবিধা তৈরি করতে পারে।