‘অপারেশন সিঁদুর’-এর গোপন তথ্য ফাঁস! ভারতের হাতে ছারখার ৯টি পাক যুদ্ধবিমান

২২ মিনিটের ‘অপারেশন সিঁদুর’-এর পর প্রায় এক মাস কেটে গেছে। এবার সেই অভিযানের এক চাঞ্চল্যকর ও গোপন তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। জানা যাচ্ছে, ‘অপারেশন সিঁদুর’-এর পাল্টা হিসেবে ভারতের দিকে ধেয়ে আসা ৯টি পাকিস্তানি যুদ্ধবিমানকে গুলি করে নিষ্ক্রিয় করেছে ভারত। একটি গোপন পাকিস্তানি নথি থেকেই এই বিস্ফোরক তথ্য ফাঁস হয়েছে বলে সূত্র মারফত খবর।
শুধুমাত্র যুদ্ধবিমানই নয়, পাক ক্রুজ মিসাইল এবং ইউএভি (Unmanned Aerial Vehicle) বা ড্রোনও ধ্বংস করেছে ভারতীয় বাহিনী। এই ঘটনা পাকিস্তানের জন্য ‘অপারেশন সিঁদুর’কে আরও ভয়ঙ্কর করে তুলেছে।
‘সুদর্শন চক্র’-এর ম্যাজিক: পাক বিমান নিস্ক্রিয়
অপারেশন সিঁদুরের পর ভারতের আকাশসীমা রক্ষার দায়িত্বে ছিল ‘সুদর্শন চক্র’। জানা গেছে, পাকিস্তানি যুদ্ধবিমানগুলো যখন ভারতের ৩০০ কিলোমিটারের মধ্যে আসে, তখনই সেগুলোকে ধ্বংস করা হয়। অর্থাৎ, ভারতের দিকে মুখ করে ওড়ার সময়েই পরপর ৯টি পাকিস্তানি যুদ্ধবিমানকে গুলি করে মাটিতে নামানো হয়েছে, যার মধ্যে ৬টি বিমান সরাসরি ভূপাতিত করা হয়েছে।
২২ এপ্রিলের হামলার পাল্টা জবাব
গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গিরা হামলা চালিয়ে ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণ কেড়ে নেয়। এই হামলার পরই ভারত পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক বয়কট করে, সিন্ধু চুক্তি স্থগিত করে এবং শুরু হয় ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ভেতরে ঢুকে মাত্র ২২ মিনিটের মধ্যে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়।
‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তান ভারতে হামলার চেষ্টা চালালেও, ভারতের সক্রিয় এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের পাঠানো সমস্ত ড্রোন ও যুদ্ধবিমানকে আকাশেই ধ্বংস করতে শুরু করে। এই ঘটনা প্রমাণ করে, পাকিস্তানের যেকোনো আগ্রাসনের জবাব দিতে ভারত কতটা প্রস্তুত। ইসলামাবাদ এই গোপন তথ্য ফাঁস হওয়ার পর কী প্রতিক্রিয়া জানায়, সেটাই এখন দেখার বিষয়।