প্রধানমন্ত্রী মোদীর জুনে ফের বঙ্গ সফরের সম্ভাবনা, এবার নজর দক্ষিণবঙ্গে!

গত ২৯ মে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে ঝটিকা সফর সেরে যাওয়ার পর এবার জুনে ফের পশ্চিমবঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র মারফত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় বঙ্গ সফর হতে চলেছে। বিশেষত, এবার উত্তরবঙ্গের পরিবর্তে দক্ষিণবঙ্গে তাঁর জনসভা করার সম্ভাবনা প্রবল।
গত সফরে আলিপুরদুয়ারে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী নরেশ মোদী তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন। আয়ুষ্মান ভারত থেকে শুরু করে আবাস যোজনা – কেন্দ্রীয় প্রকল্পগুলি বাংলায় বাস্তবায়িত হওয়ার পথে তৃণমূলের প্রতিবন্ধকতা নিয়ে তিনি সরব হয়েছিলেন। তাঁর এই আক্রমণাত্মক অবস্থান থেকেই আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
বঙ্গ বিজেপি নেতারা প্রধানমন্ত্রীকে নিয়মিত রাজ্যে আসার আবেদন জানিয়েছিলেন। মনে করা হচ্ছে, তাঁদের সেই আবেদনকেই মান্যতা দিয়ে এবার দক্ষিণবঙ্গে ঝড় তুলতে চলেছেন মোদী। যদিও, তাঁর সভার নির্দিষ্ট তারিখ ও স্থান এখনও বিশদে জানা যায়নি।
উল্লেখ্য, মোদীর ২৯ মের সফরের ঠিক পরেই ৩১ মে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসেন এবং নেতাজি ইন্ডোরে একটি সাংগঠনিক সভা করেন। সেখানেও তিনি তৃণমূলের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছিলেন। এবার দক্ষিণবঙ্গে মোদী এলে কী বার্তা দেন এবং তাঁর রাজনৈতিক কৌশল কী হয়, সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল।