পাক জঙ্গিনেতা আজিজ এসারের রহস্যমৃত্যু, জইশে শোকের ছায়া! নেপথ্যকারণ ঘিরে ধোঁয়াশা

পাকিস্তানের জঙ্গি জগতে ফের এক রহস্যের ঘনঘটা। কুখ্যাত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের কমান্ডার আব্দুল আজিজ এসারের নিথর দেহ উদ্ধার হল পাঞ্জাবে। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও এবিপি আনন্দ এই খবরের সত্যতা যাচাই করেনি, তবে সোশ্যাল মিডিয়ায় তার শেষকৃত্যের ছবি ইতিমধ্যেই ভাইরাল। ভারত-বিরোধী হুঙ্কার যার কণ্ঠের পরিচিতি ছিল, সেই আজিজ এসারের হঠাৎ মৃত্যুতে জইশের অন্দরে শোকের ছায়া।
টাইমস নাউ-এর খবর অনুযায়ী, সোমবার ভোরে আজিজ এসারের প্রাণহীন দেহ উদ্ধার করেন তার এক সঙ্গী। জঙ্গিগোষ্ঠী জইশ এই মৃত্যুকে স্বাভাবিকভাবে নিতে পারছে না, রহস্যের গন্ধ পাচ্ছে তারা। যদিও তাদের দাবি, আজিজ এসারের শরীরে কোনো গুলির চিহ্ন মেলেনি। সম্প্রতি তাকে গিলগিট-বাল্টিস্তানেও দেখা গিয়েছিল।
পাঞ্জাবের ভাক্কর জেলার কাল্লুর কোটের বাসিন্দা ছিল এই জঙ্গি কমান্ডার। জইশের তরফে দাবি করা হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই নাকি তার মৃত্যু হয়েছে। তবে বিভিন্ন সূত্রে খবর, এই মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। শোনা যাচ্ছে, বাহওয়ালপুরে জইশের সদর দফতরেই সম্পন্ন হয়েছে আজিজ এসারের শেষকৃত্য।
কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছিল। পাক হামলার জবাবে ভারতও পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সামরিক অভিযান চালায়, যেখানে জইশের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। সেই জইশের অন্যতম শীর্ষ কমান্ডার ছিল এই আজিজ এসার। তার একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিতে শোনা যায় তাকে।
পাক সরকার এখনও পর্যন্ত আজিজ এসারের মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে, গত মাসেই ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল এই জঙ্গি নেতা। পহেলগাঁও হামলার পর ভারতের ‘Operation Sindoor’-এ জইশের ঘাঁটি ধ্বংসের পর থেকেই নাকি বাহওয়ালপুরে বিক্ষুব্ধভাবে ঘুরে বেড়াচ্ছিল আজিজ এসার।
দীর্ঘদিন ধরে জইশের সঙ্গে যুক্ত ছিল আজিজ এসার, ছিল সংগঠনের অন্যতম স্তম্ভ। ভারতের একাধিক নাশকতামূলক কার্যকলাপের পিছনে তার হাত ছিল বলে মনে করা হয়। তার এই রহস্যমৃত্যু জইশের জন্য একটি বড় ধাক্কা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ‘ভারত-বিদ্বেষী’ এই কমান্ডারের কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে যাওয়ায়, সীমান্তের ওপারে স্বস্তির নিঃশ্বাস ফেলবে অনেকেই, এমনটাই আশা করা যায়।