পাকিস্তানের হাল খারাপ! করাচির জেলে ধুন্ধুমার কাণ্ড, দেওয়াল ভেঙে পালাল কয়েকশ বন্দি

যেন সিনেমার দৃশ্য! পাকিস্তানের করাচির একটি জেলে ঘটল অভাবনীয় ঘটনা। ভূমিকম্পের অপ্রত্যাশিত সুযোগে দেওয়াল ভেঙে পালাল কয়েকশো বন্দি! মালির জেলে এই ধুন্ধুমার কাণ্ড ঘটে। পালাতে থাকা বন্দিদের ধরতে এলোপাথাড়ি গুলি চালায় পুলিশ। প্রাথমিক খবর অনুযায়ী, পুলিশের গুলিতে অন্তত একজন বন্দির মৃত্যু হয়েছে।
ঠিক কী ঘটেছিল? স্থানীয় সূত্রে খবর, করাচির মালি জেলের কাছে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। আর সেই কম্পনের জেরেই নাকি জেলের দেওয়ালের একাংশ ভেঙে যায়। এই সুযোগের সদ্ব্যবহার করে কয়েকশো বন্দি জেল থেকে পালাতে শুরু করে।
Major jail break in Karachi, hundreds of prisoners out on the streets, panic grips the city.
Pakistan is not a serious country pic.twitter.com/s4leWve795— Smita Prakash (@smitaprakash) June 3, 2025
বন্দিদের পালাতে দেখেই তৎপর হয় পুলিশ। তাদের পাকড়াও করতে এলোপাথাড়ি গুলি চালানো হয়। একটানা গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। যদিও প্রাথমিকভাবে ২০ জনের মৃত্যুর খবর ছড়িয়েছিল, তবে পরে পুলিশ সূত্রে অন্তত একজন বন্দির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, বেশ কয়েকজন বন্দিকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
কী কারণে বন্দিরা দলবদ্ধভাবে জেল ভেঙে পালানোর চেষ্টা করল, তা এখনও স্পষ্ট নয়। ভূমিকম্পের জেরে আতঙ্ক সৃষ্টি হওয়ায় এই ঘটনা ঘটেছে, নাকি এর পিছনে অন্য কোনো পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে, যেভাবে বন্দিরা দেওয়াল ভেঙে পালাতে সক্ষম হল এবং তার পরেই গুলির ঘটনা ঘটল, তাতে কারাগারের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।
করাচির মালি জেলের এই ‘মুক্তির লগন’ শেষ পর্যন্ত কতজন বন্দিকে তাদের ‘কাঙ্ক্ষিত’ স্বাধীনতা এনে দিল, আর কতজন পুলিশের গুলির শিকার হল, তা জানতে এখন তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে এটুকু বলাই যায়, করাচির এই জেল ভাঙার ঘটনা পাকিস্তানের ইতিহাসে এক নতুন কালো দাগ সৃষ্টি করে গেল।