জুহির সঙ্গে সাত বছর ধরে চরম ঝগড়া আমিরের, বন্ধ ছিল কথা! বউ রিনা কী করেছিলেন?

বলিউডের এক সময়ের অন্যতম জনপ্রিয় এবং চর্চিত জুটি ছিলেন আমির খান ও জুহি চাওলা। পর্দায় তাঁদের রোম্যান্স এতটাই সাবলীল ছিল যে বহু দর্শক সত্যিই তাঁদের প্রেমের সম্পর্কে বিশ্বাস করতেন। কিন্তু সম্প্রতি এক পডকাস্টে আমির খান নিজেই স্বীকার করেছেন, তাঁদের মধ্যে টানা সাত বছর ধরে চরম ঝগড়া চলছিল এবং এই নীরবতাই ছিল তাঁর জীবনের এক অন্যতম বড় ভুল।

আমির খান জানান, “এটা আমার জীবনের একটা অন্যতম বড় ভুল ছিল। আমি যে কোনো ব্যাপারে এতটাই আপসেট হয়ে যেতাম যে উল্টোদিকের মানুষটাকে ক্ষমা করতে পারতাম না। আমার সঙ্গে জুহির ঝগড়া চলেছিল সাত বছর ধরে।” তিনি আরও যোগ করেন, “আমি সাত বছর জুহির সঙ্গে কোনো কথা বলিনি। যদিও আমরা একসঙ্গে কাজ করছিলাম। একটা ছোট ব্যাপার নিয়েই আমার জুহির উপর রাগ হয়েছিল। জুহি অনেক চেষ্টা করেছিল, ঝামেলা মিটিয়ে নেওয়ার। কিন্তু আমি নিজের জায়গা থেকে কিছুতেই সরতাম না। রিনা তখন আমাকে বলেছিল, ‘তুমি এটা কী করছ? জুহির সঙ্গে দেখা করো। ঝামেলা মিটিয়ে নাও।'”

এরপর রিনা দত্তের সঙ্গে আমিরের বিয়ে ভেঙে যায়। সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হওয়ার পর এখন জুহির সঙ্গে তাঁর ঝগড়াটা যে তুচ্ছ মনে হয়, সে কথা মানতে দ্বিধা করেননি বলিউডের এই সুপারস্টার। এখন কারো সঙ্গে মতবিরোধ হলে, তিনি আর কথা বন্ধ করেন না। যেমন, কিরণ রাওয়ের সঙ্গে আমিরের বিয়ে ভেঙে গেলেও, তাঁদের মধ্যে কথা বন্ধ হয়নি। বরং তাঁরা এখন কো-পেরেন্টিং করছেন।

বর্তমানে আমির নতুন প্রেমে পড়েছেন এবং বান্ধবীর সঙ্গে সুখে জীবন কাটাচ্ছেন। আমিরের এই স্বীকারোক্তি সামনে আসার পর অনুরাগীরা আবার প্রশ্ন তুলছেন, এই জুটিকে কি ভবিষ্যতে আবারও একসঙ্গে কোনো সিনেমায় দেখা যাবে?