ভারতীয় ক্রিকেটে বদলের হাওয়া! বিনির বিদায় সভাপতির পদে কে?

ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) মসনদে পরিবর্তনের সুর বাজছে। আগামী জুলাই মাসে বিদায় নিচ্ছেন বর্তমান সভাপতি রজার বিনি। কারণ? বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, ৭০ বছর পেরোলে আর পদে থাকা যায় না। আর বিনিও জুলাই মাসে সেই গণ্ডি পার করছেন। তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা। এই খবরটি জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।

তবে, এই দায়িত্ব পাকাপাকি নয়। নতুন সভাপতি নির্বাচন না হওয়া পর্যন্ত শুক্লা সামলাবেন বোর্ডের রাশ। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শুক্লা তিন মাসের জন্য এই অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন। আগামী ১৯ জুলাই রজার বিনির ৭০ বছর পূর্ণ হচ্ছে। আর নিয়ম মেনেই ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের এই গুরুত্বপূর্ণ সদস্যকে সভাপতির পদ ছাড়তে হবে।

২০২২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর রজার বিনি বিসিসিআইয়ের সর্বোচ্চ পদে বসেন। তিন বছর ধরে তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়েই ভারতীয় দল সাদা বলের দুটি আইসিসি ট্রফি (২০২৪ টি-২০ বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি) ঘরে তুলেছে। শুধু তাই নয়, বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও তাঁর আমলেই কার্যকর হয়েছে।

কিন্তু নিয়মের বেড়াজাল টপকাতে পারেননি বিনি। তাই ৬৫ বছর বয়সী রাজীব শুক্লাকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হচ্ছে। পিটিআইকে বোর্ডের এক সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরে নতুন সভাপতি নির্বাচন না হওয়া পর্যন্ত শুক্লাই বোর্ডের হাল ধরবেন। উল্লেখ্য, প্রাক্তন বোর্ড সচিব জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ায় চলতি বছরের শুরুতে নতুন সচিব পেয়েছে বিসিসিআই। অসমের প্রাক্তন ক্রিকেটার দেবজিৎ সইকিয়া এখন বোর্ডের সচিবের দায়িত্ব সামলাচ্ছেন।

ক্রিকেটের মসনদে এই পরিবর্তন নিয়ে এখন চলছে জোর আলোচনা। দেখার বিষয়, রাজীব শুক্লা কীভাবে এই অন্তর্বর্তীকালীন সময়ে বোর্ডের কাজ সামলান এবং সেপ্টেম্বরে কে হন বোর্ডের নতুন সভাপতি।