রেড রোডে কি বকরি ইদের নমাজ হবে? মুখ্যমন্ত্রী মমতার হস্তক্ষেপের পরে যা জানা যাচ্ছে…?

বকরি ইদ অথবা ইদ-উল-আজহা, যা আগামী ৭ জুন পালিত হবে, সেই উপলক্ষ্যে কলকাতার রেড রোডে নামাজ পাঠের আয়োজন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, অবশেষে তার অবসান ঘটল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে এই জট কেটেছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন খিলাফত কমিটির সভাপতি এবং রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান। এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

প্রতি বছরই রেড রোডের ইন্দিরা গান্ধী সরণিতে ইদের নামাজ পাঠের জন্য বিশাল জনসমাগম হয়। কিন্তু এবার এই জমায়েত নিয়ে হঠাৎ করেই সমস্যা দেখা দেয়। রেড রোডে কোনো জমায়েত করতে হলে সেনাবাহিনীর অনুমতির প্রয়োজন হয়। তবে, এই বছর সেনার পক্ষ থেকে জমায়েতের অনুমতি বাতিল করা হয়েছিল। সেনার একজন কর্তা চিঠি দিয়ে খিলাফত কমিটিকে এই সিদ্ধান্তের কথা জানিয়েও দেন, যা আয়োজকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে।

ইদের নামাজ ঘিরে তৈরি হওয়া এই অনিশ্চয়তা কাটাতে রবিবার ৮, জাকারিয়া স্ট্রিটে খিলাফত কমিটির অফিসে একটি জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান, সাধারণ সম্পাদক নাসির আহমেদ, সদস্য মুহাম্মদ খলিল, ইরফান আলি তাজ, ইসহাক মল্লিক এবং মোমতাজ খান। বৈঠক থেকেই রাজ্য সরকার এবং সেনার সঙ্গে যোগাযোগ করা হয়। জাভেদ খান জানান, বিষয়টি জানতে পেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সমস্যা সমাধানে উদ্যোগী হন।

মন্ত্রী জাভেদ আহমেদ খান বলেন, “রেড রোডে ইদের নামাজকে কেন্দ্র করে এবার একটি টেকনিক্যাল সমস্যা হয়েছিল। বিষয়টি জানতে পারার পরই আমরা সেনার কর্মকর্তাদের সঙ্গে কথা বলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজে হস্তক্ষেপ করেছেন। সব সমস্যা মিটে গিয়েছে। পূর্বনির্ধারিত সূচি মেনে এবারও নির্দিষ্ট দিনে সকাল সাড়ে ৮টার সময় রেড রোডেই হবে ইদের নামাজ।”

মুখ্যমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ এবং প্রশাসনের তৎপরতায় এই সমস্যার সমাধান হওয়ায় ইদের আনন্দ অনেকটাই বাড়ল বলে মনে করছেন কলকাতার মুসলিম সম্প্রদায়।