অনুব্রতর সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে সৌরভ! নেটদুনিয়ায় ভাইরাল সেই ছবি, দেখা মাত্রই মহারাজ বললেন…

সম্প্রতি বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডলের একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর যখন তিনি পুলিশের প্রতি অশ্রাব্য ভাষা প্রয়োগ করে বিতর্কে জড়িয়েছেন, তখনই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই বিষয়ে এবার মুখ খুললেন ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়, নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, “আমি গিয়েছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের অনুষ্ঠানে। উনি (অনুব্রত মণ্ডল) একজন প্রতিনিধি, আমিও।” এই মন্তব্যের মাধ্যমে সৌরভ বোঝাতে চেয়েছেন যে এটি একটি সরকারি বা সংস্থার অনুষ্ঠান ছিল যেখানে তারা দুজনেই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দুই সপ্তাহ আগে বীরভূম জেলায় একটি ক্রীড়া সংস্থার অনুষ্ঠানে সৌরভের উপস্থিতির সময় কেষ্ট মণ্ডলও মঞ্চে ছিলেন। সেই ছবিটিই এখন ভাইরাল হয়েছে। সৌরভ আরও বলেন, “আমি গিয়েছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের কাজে। স্টেজ শেয়ার করলে কী হয়েছে? আমি সব মানুষের সঙ্গে স্টেজ শেয়ার করি।” তিনি দৃঢ়ভাবে বলেন, “আমার কোনো কিছু দেওয়ারও নেই। নেওয়ারও নেই। আর পাওয়ারও নেই। স্টেজ শেয়ার করার আলাদা কোনো কারণ নেই। আমি সবার সঙ্গে স্টেজ শেয়ার করি।” নিজের বক্তব্য শেষ করে তিনি যোগ করেন, “আমি কত লোকের সঙ্গে মিশি। কে কী বলল বা টার্গেট করল আমি গ্রাহ্য করি না।”
উল্লেখ্য, সম্প্রতি অনুব্রত মণ্ডলের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, যা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শেয়ার করেন। ওই ক্লিপে অনুব্রতকে একজন পুলিশ আধিকারিককে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। এই ঘটনায় দল তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় এবং তিনি ক্ষমাও চেয়েছেন। তবে, তিনি থানায় হাজিরা না দিয়ে তার বদলে সাতজন আইনজীবীকে পাঠিয়েছেন।
এই আবহে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের এক মঞ্চে উপস্থিতির ছবিটি বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। তবে সৌরভের স্পষ্ট ব্যাখ্যা সেই বিতর্কে কিছুটা জল ঢেলেছে বলে মনে করছেন রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকরা।