দাপট দেখাচ্ছে করোনা! ৩ হাজারের গণ্ডিও পার করে ফেলল, তবে কি পুরনো আতঙ্কই ফিরছে?

ভারতে আবার বাড়ছে করোনার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ হাজার থেকে বেড়ে ৩ হাজারে পৌঁছে গেছে। বর্তমানে সারা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩৯৫। এর মধ্যে কেরালায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৩৯৫। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮৫ জন সংক্রমিত হয়েছেন এবং ৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের মতে, ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট LF.1, JN.1, এবং NB.1.8.1 এই নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে।

কেরালা বর্তমানে সর্বোচ্চ সংক্রমণ নিয়ে চিন্তায় ফেলেছে, সেখানে আক্রান্তের সংখ্যা ১৩৩৬। এরপরই রয়েছে মহারাষ্ট্র (৪৬৭ জন), দিল্লি (৩৭৫ জন), গুজরাট (২৬৫ জন), এবং কর্নাটক (২৩৪ জন)।

পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৫ জনে। এছাড়া তামিলনাড়ুতে ১৮৫ জন এবং উত্তর প্রদেশে ১১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।

চিকিৎসক ও বিশেষজ্ঞরা জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ডিরেক্টর জেনারেল রাজীব বহেল জানিয়েছেন, যারা সংক্রমিত হচ্ছেন, তাদের বেশিরভাগই বাড়িতে থেকে সুস্থ হয়ে উঠছেন। পরিস্থিতি এখনও গুরুতর নয় এবং হাসপাতালে ভর্তির হার কম।

এই পরিস্থিতিতে মাস্ক পরা, হাত ধোয়া এবং ভিড় এড়িয়ে চলার মতো সাধারণ সতর্কতাগুলি মেনে চলা অত্যন্ত জরুরি।