‘মেরে ফেল ওকে’ চিকিৎসকের হাড়হিম করা নির্দেশ! ভাইরাল অডিও ক্লিপ ঘিরে তোলপাড়, তদন্তে পুলিশ

মহারাষ্ট্রের লাতুরে এক সরকারি চিকিৎসকের বিরুদ্ধে উঠেছে মারাত্মক অভিযোগ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে শোনা যাচ্ছে, ওই চিকিৎসক তার সহকর্মীকে কোভিড-১৯ এ আক্রান্ত এক রোগীকে ‘হত্যা’ করার নির্দেশ দিচ্ছেন। চাঞ্চল্যকর এই অডিও ক্লিপটি ২০২১ সালের বলে জানা গিয়েছে।

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত চিকিৎসকের নাম শশীকান্ত দেশপান্ডে। তিনি উদগীর সরকারি হাসপাতালের কর্মরত। ভাইরাল হওয়া এই অডিও ক্লিপটি প্রকাশ্যে আসতেই সর্বত্র তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, মৃত রোগীর স্বামী গত ২৪ মে একটি এফআইআর দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ২০২১ সালের ১৫ এপ্রিল তিনি তাঁর কোভিড আক্রান্ত স্ত্রীকে ওই হাসপাতালে ভর্তি করেছিলেন। দশ দিন চিকিৎসার পর তাঁর স্ত্রী হাসপাতাল থেকে ছাড়া পান।

তবে বিতর্কের সূত্রপাত এই অডিও ক্লিপটি। যদিও আজকাল ডিজিটাল এর সত্যতা যাচাই করেনি, তবে ক্লিপটিতে শোনা যাচ্ছে, চিকিৎসক বলছেন, “কাউকে যেন ভিতরে না যেতে দেওয়া হয়। জাস্ট এই মহিলাকে মেরে ফেল।” ক্লিপটিতে স্পষ্ট করে মহিলার নামও শোনা যাচ্ছে। এমনকি, তাঁর কাছ থেকে অক্সিজেন খুলে নেওয়া হয়েছে বলেও কথোপকথনে উল্লেখ রয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তারা অভিযুক্ত চিকিৎসক শশীকান্ত দেশপান্ডেকে জিজ্ঞাসাবাদ করছেন। তদন্তের স্বার্থে চিকিৎসকের মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যেই তার বয়ান রেকর্ড করা হয়েছে। অডিও ক্লিপে শোনা যাওয়া কণ্ঠস্বরের সঙ্গে চিকিৎসকের গলার স্বর মেলানোর কাজ চলছে। আপাতত ওই চিকিৎসককে সমস্ত ধরনের চিকিৎসা সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।