বক্স অফিসে কত আয় করল রাজকুমারের ‘ভুল চুক মাফ’, দেখেনিন কালেকশন রিপোর্ট

বলিউড অভিনেতা রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি অভিনীত কমেডি ছবি ‘ভুল চুক মাফ’ মুক্তির পর বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পেলেও, প্রথম সপ্তাহে এটি ৪২ কোটি ৫৯ লাখ টাকা সংগ্রহ করে চমক দেখিয়েছে। ছবিটি ২৩ মে মুক্তি পায় এবং ধীর গতিতে শুরু হলেও, ছুটির দিনগুলোতে দর্শকদের ভালোবাসায় এটি ভালোই ব্যবসা করতে সক্ষম হয়েছে।

ধীর শুরু, কিন্তু ছুটির দিনে ছক্কা!
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ভুল চুক মাফ’ প্রথম দিনে ৭ কোটি টাকা আয় করে। দ্বিতীয় দিনে এই আয় বেড়ে দাঁড়ায় ৯ কোটি ৫০ লাখে। ছুটির দিন হওয়ায় তৃতীয় দিন ছবিটি ১১ কোটি ২৫ লাখ সংগ্রহ করে, যা প্রথম তিন দিনের মোট আয় ২৭ কোটি ৭৫ লাখে পৌঁছে দেয়।

এরপর চতুর্থ দিনে ছবিটি প্রায় ৫ কোটি এবং পঞ্চম দিনে (মঙ্গলবার) প্রায় ৫.১ কোটি টাকা আয় করে। ষষ্ঠ দিনে আয় কিছুটা কমে ৩.৬ কোটি হলেও, সপ্তম দিনে এটি ১.৮৪ কোটি টাকা সংগ্রহ করে, যার ফলে সাত দিনের মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৫৯ লাখ টাকা।

সন্ধ্যার শোয়েই বেশি দর্শক টানছে ছবি
ফিল্ম ব্যবসা বিশ্লেষকদের মতে, ‘ভুল চুক মাফ’ মূলত সন্ধ্যার শো-গুলোতেই বেশি দর্শক টানছে, যেখানে অকুপেন্সি ৪৩.৯৬ শতাংশ থাকছে। সকাল ও রাতের শো-গুলোতে দর্শকসংখ্যা তুলনামূলকভাবে কম।

ম্যাডক ফিল্মস প্রযোজিত এই ছবিটি পরিচালনা করেছেন করণ শর্মা। ‘ভুল চুক মাফ’ ছবিতে রঞ্জন নামের এক পুরুষের গল্প দেখানো হয়েছে, যার বিয়ের তারিখ চূড়ান্ত হলেও সময় চক্রে আটকে পড়ে সে। ফলে প্রতিদিন একই ঘটনা তার জীবনে ঘটতে থাকে। শেষ পর্যন্ত তার বিয়ে হবে কিনা, সেটাই ছবির মূল হাস্যরসাত্মক উপজীব্য। প্রথমে ওটিটিতে মুক্তির কথা থাকলেও, প্রেক্ষাগৃহে দর্শকদের ইতিবাচক সাড়ার কারণে এটি বক্স অফিসে তার জায়গা করে নিতে সক্ষম হয়েছে।

এই মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেও ‘ভুল চুক মাফ’ বক্স অফিসে তার জায়গা করে নিতে পারায়, এটি কমেডি ঘরানার ছবির জন্য একটি ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।