“বৌদিরা গান থামিয়ে বলেছিল…. এটা কি? ফ্রি-তে কামড়ে দেব?” স্বীকারোক্তি শিলাজিতের

জনপ্রিয় গায়ক শিলাজিত্‍ মজুমদার সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের গানের কিছু মজার এবং অপ্রিয় অভিজ্ঞতা ভাগ করে নিলেন, যা শুনে অনুরাগীরা বেজায় মজা পেয়েছেন। একদিকে যেমন তাঁর গান শুনে শ্রোতারা মুগ্ধ হন, তেমনই বহুবার শ্রোতারাই তাঁর গান থামিয়ে দিয়েছেন, সে কথা বেশ হাসিমুখে জানালেন গায়ক নিজেই।

শিলাজিত্‍ বলেন, “একবার হাওড়া থেকে আমার এক পরিচিত ফোন করেছে। সে বলছে, মণ্ডপে তোমার গান চালিয়েছিলাম। কিন্তু বৌদিরা বন্ধ করে দিল।” কী কারণে বন্ধ করলো? গায়ক হেসে বলেন, বৌদিরা নাকি বলেছিলেন, “এটা কী গান হচ্ছে? ফ্রি-তে কামড়ে দেব?”

এরপর গায়ক যে ঘটনার কথা বললেন, সেটা আরও মজার। একবার এক বন্ধুর কথায় একটি বিয়েবাড়িতে বাসর রাতে গান গাইতে গিয়েছিলেন শিলাজিত্‍। তখন অবশ্য তিনি আজকের মতো অত বড় গায়ক হয়ে ওঠেননি। সেখানে তিনি তাঁর জনপ্রিয় গান ‘তোদের ঘুম পেয়েছে বাড়ি যা’ গেয়েছিলেন। সেই গান শুনে কনেপক্ষের লোকজন একে একে উঠে চলে যান। এমনকি কিছুক্ষণ পর কনে নিজেও বাসর ঘর ছেড়ে উঠে চলে যান! এই ঘটনায় বর এবং তাঁর বন্ধুবান্ধবরা বেশ লজ্জায় পড়ে গিয়েছিলেন, যার মধ্যে শিলাজিত্‍ নিজেও ছিলেন। এমন কাণ্ড ঘটার পর গায়ক অবশ্য বন্ধুকেই প্রশ্ন করেছিলেন, কেন তাঁকে সেখানে গাইতে যেতে বলা হয়েছিল!

মজার ছলে বলা গায়কের জীবনের এই দুটি ঘটনা শুনে তাঁর অনুরাগীরা বেজায় মজা পেয়েছেন। একজন অনুরাগী লিখেছেন, “এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে সকলেই নিজেকে ভীষণ সিরিয়াসলি নেন। নিজেকে নিয়ে যে এভাবে মজা করা যায়, সেটা গায়ককে দেখে আবার শিখলাম।” আরেকজন লিখেছেন, “আপনার গান শুনে অনেকে যেমন উঠে গিয়েছেন, তেমন আমরা আপনার একটা নতুন গানের জন্য মাসের পর মাস অপেক্ষা করে থাকি।”