কবে ‘শক্তিমান’ নিয়ে পর্দায় আসছেন রণবীর? ছেলে-মেয়ের ‘অপমানে’ জর্জরিত করণ, গায়ক আদিত্য

কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল, বলিউড অভিনেতা রণবীর সিং জনপ্রিয় সুপারহিরো ‘শক্তিমান’-এর নতুন গল্প প্রযোজনা করতে চলেছেন এবং এই বিষয়ে মূল নির্মাতা মুকেশ খান্নার সঙ্গে তাঁর কথাবার্তা চলছে। তবে সম্প্রতি রণবীর সিংয়ের টিম এই সমস্ত জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, এই মুহূর্তে রণবীর আদিত্য ধরের ‘ধুরন্ধর’ এবং এরপর ফারহান আখতারের ‘ডন ৩’-এর কাজ নিয়ে ব্যস্ত। ‘শক্তিমান’ নিয়ে এই মুহূর্তে তাঁর কোনও পরিকল্পনা নেই। ফলে ‘শক্তিমান’ ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলেই মনে করা হচ্ছে।

পরিচালক ও প্রযোজক করণ জোহরের জন্মদিনে শুভেচ্ছায় ভেসে গিয়েছিলেন তিনি। তবে সেই বিশেষ দিনে তাঁর নিজের ছেলে যশ এবং মেয়ে রুহির কাছ থেকেই নাকি ‘অপমানিত’ হতে হল তাঁকে! আসলে, করণ তাঁর দুই ছোট্ট সন্তানকে নিয়ে মজার খুনসুটিতে মেতেছিলেন। সেই সময় তাঁর ছেলে ও মেয়ে দুজনেই তাঁকে নিজস্বী তুলতে এবং ‘পাউট’ (ঠোঁট ফুলিয়ে ছবি তোলা) করতে বারণ করে। মজার ছলে সেই মিষ্টি মুহূর্তটি ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ করণ জোহর। যা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।

বলিউডে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে বহু দর্শকের মন জয় করেছেন আদিত্য রায় কাপুর। এবার তিনি গায়ক হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন। অনুরাগ বসু পরিচালিত তাঁর আসন্ন ছবি ‘মেট্রো ইন দিনো’-র জন্য প্লেব্যাক করেছেন এই অভিনেতা। সম্প্রতি ছবিটির গান ‘জামানা লাগে’-এর লঞ্চ অনুষ্ঠানে সঙ্গীত পরিচালক প্রীতম জানান, আদিত্য শুধু গাননি, বরং খুব ভালো গেয়েছেন। প্রীতম এদিন অভিনেতার কণ্ঠের ভূয়সী প্রশংসা করেন। ফলে, বড় পর্দার পর এবার আদিত্যর গানের জাদু শোনার জন্য মুখিয়ে আছেন তাঁর অনুরাগীরা।