“রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে PoK ফিরিয়ে আনতেন”-দাবি করলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে কেন্দ্র সরকারের ‘সাহস, রণনীতি এবং পারদর্শিতার অভাব’ ছিল বলে গুরুতর অভিযোগ তুলেছেন। হায়দ্রাবাদে ‘জয় হিন্দ যাত্রা’র সূচনালগ্নে একটি জনসভা থেকে তিনি বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “দুই দেশের সংঘর্ষকে রাজনৈতিক দিক থেকে দেখছে বিজেপি। সংঘর্ষের পরিণতি কী হল, তা নিয়ে চুপ মোদী সরকার। চার দিনের যুদ্ধের পর কী হল? কে আত্মসমর্পণ করল? আমরা কিছুই জানি না।”
রেবন্ত রেড্ডি প্রশ্ন তোলেন, যুদ্ধের সমাপ্তির ঘোষণা ভারতের বদলে কেন আমেরিকা করবে? একইসঙ্গে তাঁর দাবি, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে এতদিনে পাক অধিকৃত কাশ্মীর (PoK) ভারত ফিরিয়ে আনতে পারত।
মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি কেন্দ্রের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, সংঘর্ষ শুরুর আগে যদি সর্বদলীয় বৈঠক ডাকা হয়, তাহলে সংঘর্ষবিরতির পর কেন তা হল না? তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর বক্তব্য, “যখন আমাদের প্রয়োজন ছিল, তখন ডেকে পাঠালেন। কিন্তু সংঘর্ষবিরতির সময়ে আমাদের জানানো হল না।” তিনি আরও জানতে চান, “পাকিস্তান কতগুলি রাফাল জেট ধ্বংস করেছে? কেন এই বিষয়ে কেউ কথা বলছে না?” বারবার দাবি ওঠা সত্ত্বেও পাকিস্তানের কব্জায় থাকা অধিকৃত কাশ্মীর ফেরত না আনতে পারা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।
ইন্দিরা গান্ধীর শাসনকালের সঙ্গে তুলনা টেনে রেবন্ত রেড্ডি বলেন, “যুদ্ধ মানে শুধু ভাষণ দেওয়া নয়। সাহস, সংকল্প এবং রণনীতির পরিচয়।” তিনি উল্লেখ করেন, “আমেরিকা যখন পাকিস্তানের সমর্থন করেছিল, তখন ইন্দিরা গান্ধী নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন এবং ভারত ১৯৭১-এর যুদ্ধে জিতে গিয়েছিল। কেবলমাত্র জয় ছিনিয়ে আনাই নয়, পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশেরও জন্ম হয় সে সময়ে।” বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আজ চিন আমাদের ৪ হাজার বর্গ কিলোমিটার জায়গায় কব্জা করে নিয়েছে। কর্নেল সুরেশ বাবুকে হত্যা করেছে। অথচ আমাদের প্রধানমন্ত্রী চুপ করে রয়েছেন।”
রেবন্ত রেড্ডি দৃঢ়ভাবে বলেন, “যদি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতেন তাহলে এতদিনে PoK ফেরত নিয়ে আসতেন।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বাতিল হওয়া ১ হাজার টাকার নোটের মতো অচল’ আখ্যা দিয়ে তিনি বলেন, “আমাদের রাহুল গান্ধীর মতো নেতার প্রয়োজন রয়েছে। মোদী কখনও যুদ্ধ জিততে পারবেন না। প্রধানমন্ত্রীর পদে বসলে রাহুল গান্ধীই কেবল তা করতে পারবেন।” তিনি আরও জানান, রাষ্ট্রের স্বার্থেই সংঘর্ষের সময়ে কেন্দ্রের পাশে ছিল কংগ্রেস।