প্যাকেজিং লাইসেন্স ছাড়াই ব্যবসা! ময়নাগুড়ির দুই আইসক্রিম কারখানার উৎপাদন বন্ধের নির্দেশ

জলপাইগুড়ি সদর ব্লকের পর এবার ময়নাগুড়ির দুটি আইসক্রিম কারখানায় উৎপাদন আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল খাদ্য ও ক্রেতা সুরক্ষা দফতর। আকস্মিক হানায় মেয়াদ উত্তীর্ণ বেশ কিছু আইসক্রিমও উদ্ধার হয়, যা ঘটনাস্থলেই নষ্ট করে দেন আধিকারিকরা।

গরমকাল পড়তেই আইসক্রিমের চাহিদা বাড়ে। গত মাসেই জলপাইগুড়ি সদর ব্লকের মন্ডল ঘাট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি এবং অতিরিক্ত রং ব্যবহারের অভিযোগে একটি কারখানা বন্ধ করে প্রশাসন। এবার ময়নাগুড়িতে পর পর দুটি আইসক্রিম কারখানায় হানা দেন ক্রেতা ও খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। প্যাকেটজাত খাবারের ক্ষেত্রে প্যাকেজিং লাইসেন্স আবশ্যিক হলেও, এই কারখানাগুলিতে তা মানা হচ্ছিল না।

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কারখানাগুলি ইচ্ছেমতো আইসক্রিম তৈরি করে মেয়াদ উত্তীর্ণের তারিখ বসিয়ে ব্যবসা চালাচ্ছিল। এই ঘটনার প্রেক্ষিতে ক্রেতাদের মেয়াদ দেখে আইসক্রিম সহ অন্যান্য খাদ্য সামগ্রী কেনার বার্তা দিয়েছেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। পাশাপাশি, তাঁরা আশপাশের বেশ কিছু খাবারের দোকানেও হানা দেন।