নিখোঁজ ভৌতিক পুতুল ‘অ্যানাবেল’! ফের কী শুরু হবে আতঙ্কের খেলা? জানুন আসল সত্যি

বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ও ভৌতিক বস্তু হিসেবে পরিচিত ‘অ্যানাবেল’ পুতুল ফের আলোচনার কেন্দ্রে। সম্প্রতি লুইজিয়ানার ঐতিহাসিক নটোয়ে রিসোর্টের মিউজিয়ামে আগুন লাগার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর গুজব। দাবি করা হয়, অ্যানাবেল পুতুলটি নাকি “ডেভিলস অন দ্য রান” নামক এক অতিপ্রাকৃত ট্যুরে অংশ নেওয়ার সময় নিখোঁজ হয়ে গেছে।

এমনকি কিছু পর্যটকও দাবি করেন, ট্যুর চলাকালীন তারা পুতুলটিকে দেখতে পাননি। এই গুজব আরও বেড়ে যায়, যখন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী পোস্ট করেন, ১৩ মে ২০২৫ তারিখে পুতুলটি নিউ অরলিন্সে আনা হয়। সেখানে ১৫ মে আগুন লাগে এবং ১৬ মে ১১ জন কয়েদি পালিয়ে যায়—যা অনেকেই ‘অমঙ্গলজনক যোগাযোগ’ হিসেবে দেখছেন।

তবে এই গুজব খুব দ্রুতই খণ্ডন করেন নিউ ইংল্যান্ড সোসাইটি ফর সাইকিক রিসার্চ (NESPR)-এর প্রধান তদন্তকারী ড্যান রিভেরা। তিনি একটি ভিডিও প্রকাশ করে জানান, অ্যানাবেল এখনও NESPR-এর ওয়ারেন’স অকাল্ট মিউজিয়ামের কাঠের কেসের মধ্যে সুরক্ষিত অবস্থায় রয়েছে। তার কথায়, “অ্যানাবেল নিখোঁজ নয়; সে শিকাগোতেও নেই।”

প্রসঙ্গত, অ্যানাবেল পুতুলের রহস্যময় ইতিহাস ১৯৭০-এর দশকের কানেক্টিকাটে, এক নার্সের হাতে উপহার হিসেবে আসার পর থেকেই শুরু। তার রহস্যময় নড়াচড়া, নোট রেখে যাওয়া এবং আক্রমণাত্মক আচরণ এই পুতুলকে এক ভয়ঙ্কর কিংবদন্তিতে পরিণত করে। যদিও ওয়ারেন’স মিউজিয়াম এখন জনসাধারণের জন্য বন্ধ, বিশেষ অতিথিদের জন্য এটি এখনও খোলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও স্পষ্ট হল, রহস্য ও আতঙ্ক নিয়ে অ্যানাবেল আজও মানুষের কল্পনা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।