৭০ পেরোলেই মিলবে বিনামূল্যে চিকিৎসা! কেন্দ্রের এই কার্ড বানিয়ে ফেলুন আজই

দেশের প্রবীণ নাগরিকদের উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এখন ৭০ বছর বা তার বেশি বয়সের মানুষজন আয়ুষ্মান অ্যাপের মাধ্যমেই নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। শুধু তাই নয়, এই অ্যাপের মাধ্যমেই তাঁরা তাঁদের আয়ুষ্মান ‘বয় বন্দনা কার্ড’-ও পেতে পারেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় ৭০ বছরের বেশি বয়সের সকল নাগরিক ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যবিমার সুবিধা পাওয়ার যোগ্য। এই প্রকল্পের অধীনে, আর্থিক শ্রেণি নির্বিশেষে, ৭০োর্ধ্ব যে কেউই এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
‘বয় বন্দনা কার্ড’-এর জন্য আবেদনকারীর আধার কার্ড এবং একটি সক্রিয় মোবাইল নম্বর থাকা আবশ্যিক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মঙ্গলবার তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই বিষয়ে একটি পোস্ট করেছে।
স্বাস্থ্য মন্ত্রকের ওই পোস্টে জানানো হয়েছে, ৭০ বছরের বেশি বয়সের মানুষজন এখন আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে সহজেই আয়ুষ্মান ‘বয় বন্দনা কার্ড’ পেতে পারেন এবং ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার সুবিধা লাভ করতে পারেন।
এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রক একটি ভিডিও-ও প্রকাশ করেছে, যেখানে ‘বয় বন্দনা কার্ড’ পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া দেখানো হয়েছে। এর জন্য আবেদনকারীর কাছে আধার কার্ড এবং সেই কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর থাকা প্রয়োজন।
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা একটি ক্যাশলেস স্বাস্থ্য বিমা প্রকল্প। দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসার সুবিধা দিতে ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প নিয়ে এসেছিলেন। তবে, এই যোজনায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন ৭০ বছরের বেশি বয়সের সকল নাগরিককেও এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্পের অধীনে তালিকাভুক্ত হাসপাতালগুলিতে বিনামূল্যে চিকিৎসা করানো যায়।
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে হাসপাতালে ভর্তির ৩ দিন আগে এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ১৫ দিন পর পর্যন্ত সমস্ত মেডিকেল খরচ, যেমন—পরীক্ষা, ওষুধ ইত্যাদিও এই বিমার আওতায় পড়বে।