ফের বাড়ছে করোনা সংক্রমণ! দেশের এই রাজ্যে নতুন করে আক্রান্ত ৪০

দেশে ফের বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। কর্ণাটকে নতুন করে ৪০ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি মেলায় রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬-এ। রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, সেখানে দৈনিক পজিটিভ রেট ১০.১২ শতাংশ।
অন্যদিকে, তামিলনাড়ুতে কোভিড-১৯-এর এক নতুন সাব ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে, যার নাম এনবি.১.৮.১। যদিও এর ক্ষতির হার তুলনামূলকভাবে কম, তবুও চিকিৎসকরা শুরু থেকেই সতর্ক থাকতে চাইছেন। তাঁদের মতে, প্রথম থেকে সঠিকভাবে মোকাবিলা করতে পারলে ভবিষ্যতে বড় সমস্যা এড়ানো সম্ভব।
ছত্তিশগড়েও বাড়ছে সংক্রমণ। ফিরোজাবাদে ৪০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যা এই রাজ্যে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা। জানা গেছে, ওই রোগীকে আশঙ্কাজনক অবস্থায় লুধিয়ানা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল। তাঁর শরীরে জেএন.১ ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।
প্রসঙ্গত, গত এক সপ্তাহে দেশে কোভিড-১৯-এর ৭৫২টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে, যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। কেরল, মহারাষ্ট্র এবং দিল্লির মতো রাজ্যে নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।
উত্তরপ্রদেশের নয়ডাতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে নয়ডায় ১৯ জন সক্রিয় রোগী রয়েছেন, যাদের মধ্যে ১১ জন মহিলা ও ৮ জন পুরুষ। সকলেরই মৃদু উপসর্গ রয়েছে এবং কারও শারীরিক অবস্থা গুরুতর নয়।
করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সকলকে মাস্ক পরা এবং স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। তবে প্রশাসন জানিয়েছে, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।