বজ্রপাতে স্তব্ধ পরিষেবা! ৪৩ দিন ধরে নাকাল ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসের গ্রাহকরা

একটি মাত্র বজ্রপাত যেন থামিয়ে দিয়েছে গোটা এলাকার জীবনযাত্রা। দীর্ঘ ৪৩ দিন ধরে বন্ধ রয়েছে জরুরি অনলাইন পরিষেবা। চরম ভোগান্তিতে পড়েছেন জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় সাব পোস্ট অফিসের গ্রাহকেরা। রাউটার সহ ইন্টারনেট নির্ভর যন্ত্রপাতি বিকল হয়ে যাওয়ায় কার্যত অচল হয়ে পড়েছে ডাকঘরটি। ফলে ডেঙ্গুয়াঝাড় ও পার্শ্ববর্তী চা বাগান এলাকার প্রায় আট হাজার গ্রাহক প্রতিদিন এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
সাব পোস্ট মাস্টার পবন কুমার রজক এই ভোগান্তির কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানান, “৪৩ দিন ধরে পরিষেবা বিঘ্নিত। গুরুত্বপূর্ণ গ্রাহকদের বিকল্প হিসেবে গভ ইঞ্জিনিয়ারিং কলেজের পোস্ট অফিসে পাঠানো হচ্ছে। কিন্তু সেটি সবার পক্ষে সম্ভব নয়।”
এই পোস্ট অফিসের উপর নির্ভরশীল ডেঙ্গুয়াঝাড়, আশপাশের চা বাগান এবং পাতকাটা পঞ্চায়েত এলাকার বহু মানুষ, বিশেষত শ্রমজীবী শ্রেণি। তাঁরা এই ডাকঘরের মাধ্যমে তাঁদের রোজগারের টাকা জমা রাখেন ও প্রয়োজন পড়লে তোলেন। এখন সেই সুযোগ হারিয়ে আর্থিক সমস্যায় পড়েছেন অনেকেই।
স্থানীয় বাসিন্দা তুষার সেন জানান, “গত এক সপ্তাহ ধরে ঘুরছি। রেকারিং ডিপোজিটের টাকা ম্যাচিউর হয়ে গেছে, কিন্তু প্রয়োজনের সময়েও তা তুলতে পারছি না।” এদিকে ডাক বিভাগের উচ্চ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয়নি। ইন্টারনেট সংযোগ কবে ফিরবে, তাও স্পষ্ট করে কেউ জানাতে পারছেন না। প্রযুক্তির উপর এই অতিরিক্ত নির্ভরতা গ্রামীণ ডাক পরিষেবার প্রস্তুতি ও বিকল্প ব্যবস্থার অভাবের দিকে প্রশ্ন তুলছে। স্বাভাবিক পরিষেবা কবে ফিরবে, সেই প্রার্থনায় দিন গুনছেন ডেঙ্গুয়াঝাড়ের সাধারণ মানুষ।