“….’আমার আরও ভালো কিছু করার আছে”, কংগ্রেসকে পাল্টা তোপ দাগলেন শশী

‘অপারেশন সিঁদুরের’ (সার্জিক্যাল স্ট্রাইক) সাফল্য নিয়ে দেশজুড়ে যখন উচ্ছ্বাস চলছে, তখন এই বিষয়ে কংগ্রেসের অভ্যন্তরেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন দলের সিনিয়র সাংসদ শশী থারুর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্ব মঞ্চে পাকিস্তানের মুখোশ খুলে দিতে যখন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি সহ সর্বদলের প্রতিনিধিরা বিদেশ সফর করছেন, ঠিক সেই সময়েই থারুরের মন্তব্য ঘিরে কংগ্রেসের অন্দরে ঝড় উঠেছে। এই পরিস্থিতিতে এক্সে (আগের টুইটার) বার্তা দিয়ে থারুর নিজের সমালোচকদের পাল্টা আক্রমণ করেছেন।

পানামায় একটি দীর্ঘ এবং সফল দিন কাটানোর পর কলম্বিয়ার বোগোটায় রওনা হওয়ার আগে শশী থারুর নিজের ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, “আমাকে মধ্যরাতে শেষ করতে হবে এবং ছয় ঘন্টার মধ্যে কলম্বিয়ার বোগোটায় রওনা দিতে হবে, তাই এর জন্য আমার কাছে আসলে সময় নেই – তবে যাই হোক: অতীতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় বীরত্ব সম্পর্কে আমার কথিত অজ্ঞতা নিয়ে যারা কথা বলছেন তাদের জন্য।” এরপর নাম না করে কংগ্রেসকে নিশানা করে তিনি বলেন:

১. “আমি স্পষ্টভাবে কেবল সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধের কথা বলছিলাম, পূর্ববর্তী যুদ্ধের কথা নয়।”
২. “আমার মন্তব্যের আগে সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকটি হামলার কথা উল্লেখ করা হয়েছিল, যে সময় নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তের প্রতি আমাদের দায়িত্বশীলতার কারণে পূর্ববর্তী ভারতীয় প্রতিক্রিয়াগুলি সংযত এবং সীমাবদ্ধ ছিল।”

থারুর আরও যোগ করেন, “তবে যথারীতি, সমালোচক এবং ট্রোলরা আমার মতামত এবং বক্তব্যকে তাদের উপযুক্ত মনে করে বিকৃত করতে পারেন। আমার সত্যিই আরও ভালো কিছু করার আছে। শুভরাত্রি।”

বুধবারই কংগ্রেস নেতা উদিত রাজ শশী থারুরকে আক্রমণ করে বলেছিলেন, “কংগ্রেস সাংসদ শশী থারুর এখন বিজেপির সুপার মুখপাত্রে পরিণত হয়েছেন। বিজেপি নেতারা যা বলছেন না, প্রধানমন্ত্রী মোদী এবং সরকারের পক্ষে সেই কথা বলছেন শশী থারুর।” রাজ আরও বলেন, “আগের সরকার কী করত, তা কি আদৌ জানেন উনি? এখন সেনার কাজের কৃতিত্বে ভাগ বসানো হচ্ছে। আগের সরকার এখনকার মতো ছিল না। এই সরকার কিছুই করে না, কিন্তু সবের কৃতিত্ব দাবি করে। শশী থারুর বিজেপি-র প্রচারের মুখ হয়ে উঠেছেন, তাদের মুখপাত্র হয়ে উঠেছেন।”

তবে, কংগ্রেসের এই সমালোচনার মুখে শশী থারুরের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।

এর আগে পানামায় একটি বক্তৃতায় শশী থারুর বলেছিলেন, “সাম্প্রতিক বছরগুলিতে যা পরিবর্তিত হয়েছে তা হল, জঙ্গিরা এখন বুঝতে পেরেছে যে তাদের একটি মূল্য দিতে হবে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই।” তিনি ২০১৫ সালের সেপ্টেম্বরে উরি সার্জিক্যাল স্ট্রাইকের উল্লেখ করে বলেন, এটি ছিল প্রথমবার যখন ভারত জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে এলওসি অতিক্রম করেছিল। থারুর আরও উল্লেখ করেন যে, কার্গিল যুদ্ধের সময়ও ভারত এলওসি অতিক্রম করেনি, তবে উরি এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটি করেছে। ‘অপারেশন সিঁদুরের’ প্রশংসায় শশীকে বলতে শোনা যায়, “আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। অপারেশন সিঁদুর চালাতেই হত।”

দীর্ঘদিন ধরেই দিল্লিতে শশী থারুরের সঙ্গে কংগ্রেসের দূরত্ব বাড়ছে বলে জল্পনা চলছে। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিরোধী শিবিরের বাকি নেতারা সেনাবাহিনীর প্রশংসা করলেও, শশী এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করায় এই জল্পনা আরও জোরালো হয়েছে।