সোপিয়ানে লস্করের দুই জঙ্গি গ্রেফতার! ধৃতদের কাছ থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

পহেলগাঁও কাণ্ডের পর থেকেই জম্মু-কাশ্মীর জুড়ে জোরদার জঙ্গিদমন অভিযান চলছে। সেই অভিযানেই বৃহস্পতিবার সোপিয়ান থেকে লস্কর-ই-তইবা (এলইটি)-র দুই জঙ্গিকে গ্রেফতার করল যৌথবাহিনী। সেনা ও পুলিশের কাছে খবর ছিল, জেলায় অস্ত্রসহ দুই সন্দেহভাজন ঘোরাঘুরি করছে। এই গোপন খবরের ভিত্তিতে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং পুলিশের যৌথবাহিনী তল্লাশি অভিযান চালায় এবং সাফল্য পায়। ধৃতদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, এবং তদন্ত শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার বাসকুচানে দুই জঙ্গি লুকিয়ে থাকার চেষ্টা করছিল। সেই খবর পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলে যৌথবাহিনী। কাছাকাছি একটি বাগানে জঙ্গিদের গতিবিধি নজরে রাখছিল বাহিনী। পুলিশের দাবি, বাহিনীর দ্রুত ও কৌশলগত পদক্ষেপের ফলে দুই জঙ্গি ইরফান বশির ও উজাইর সালাম দ্রুত আত্মসমর্পণ করে।
পুলিশ আরও জানিয়েছে, ধৃতদের কাছ থেকে দু’টি একে-৫৬ রাইফেল, চারটি ম্যাগাজিন, ১০২ রাউন্ড কার্তুজ, দু’টি গ্রেনেড, ৫৪০০ টাকা নগদ, একটি মোবাইল, একটি স্মার্টওয়াচ, দুই প্যাকেট বিস্কুট এবং একটি আধার কার্ড উদ্ধার হয়েছে। ধৃতদের নাশকতা করার কোনও পরিকল্পনা ছিল কিনা বা তাদের অন্য কোনও উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ সন্ত্রাসদমন অভিযানে নেমেছে। কিছুদিন আগে সোপিয়ানে ‘কেলার’ অভিযান শুরু হয়েছিল। সেই অভিযানে সেনা তিন লস্কর জঙ্গিকে নিকেশ করেছিল। এরপর আরও দুই জইশ-ই-মহম্মদ জঙ্গিকে খতম করেছে সেনা। বৃহস্পতিবার ফের এই সাফল্য এল।