নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শিক্ষক, বন্ধ বেসরকারি স্কুল

উত্তরপ্রদেশের বুধানা থানা এলাকার একটি বেসরকারি স্কুলে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ উঠেছে। ১৬ বছর বয়সী এক নাবালিকার অভিযোগের ভিত্তিতে ৩৫ বছর বয়সী শিক্ষক শেহজাদকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার জেরে স্কুলটিতে তালা ঝুলিয়ে দিয়েছে রাজ্যের শিক্ষা দফতর।

অভিযোগকারিণী ছাত্রীর বক্তব্য অনুযায়ী, অভিযুক্ত শিক্ষক শেহজাদ স্কুলের মধ্যে নানা অছিলায় তাকে স্পর্শ করত এবং তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত। এরপর ছাত্রীটি বাড়িতে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়।

ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বুধানা থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪, ৭৫, ৩৫১-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, সম্প্রতি উত্তরপ্রদেশের শিক্ষা দফতর ওই বেসরকারি স্কুলটিতে তালা ঝুলিয়ে দিয়েছে। তবে স্কুলটি বন্ধ করার কারণ শুধুমাত্র শিক্ষকের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগ নয়। জানা গিয়েছে, স্কুলটির অষ্টম শ্রেণি পর্যন্ত অনুমোদন ছিল। কিন্তু কর্তৃপক্ষ বিনা অনুমতিতেই নবম ও দশম শ্রেণি চালু করে। এই অভিযোগের ভিত্তিতেই শিক্ষা দফতর স্কুলটি আপাতত বন্ধ করার নির্দেশ দিয়েছে।

স্কুলের শিক্ষকের বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ ওঠার পরেও কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।