রাজনীতি ছেড়ে এবার পুকুরে ছিপ হাতে দিলীপ ঘোষ! রায়নায় অন্য মেজাজে বিজেপি নেতা

রাজ্য রাজনীতির লাইমলাইটে বরাবরই থাকেন তিনি। বিস্ফোরক মন্তব্য থেকে শুরু করে আচমকা বিয়ে, অথবা ঘোর বিরোধী দল হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীর পাশে বসে আলোচনা – বারবার চমক দিয়ে থাকেন দিলীপ ঘোষ। মঙ্গলবার ফের এক ভিন্ন মেজাজে ধরা দিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। পূর্ব বর্ধমানের রায়নায় এক টলিউড অভিনেতার বাড়িতে গিয়ে রীতিমতো পুকুরে ছিপ ফেলে মাছ ধরতে দেখা গেল তাঁকে।
অভিনেতার বাড়ির পুজোয় দিলীপ
ফকিরপুরে টলিউড অভিনেতা তন্ময় দে-র বাড়ির কালীপুজোয় যোগ দিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, বিজেপি পূর্ব বর্ধমানের জেলা সভাপতি সহ রায়না এবং খণ্ডঘোষের বেশ কয়েকজন দলীয় নেতা-নেত্রী। জানা যাচ্ছে, অভিনেতা তন্ময় দে ‘মিশন নারায়নপুর’, ‘অন্য রূপকথা’-এর মতো ছবিতে শ্রীময়ী, পূজারানি ঘোষের মতো অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেছেন।
পুকুরে মাছ ধরলেন বিজেপি নেতা
এদিন পুজোয় যোগদান করতে গিয়ে ছিপ হাতে দিব্যি পুকুরে মাছ ধরতে দেখা যায় দিলীপ ঘোষকে। মাছ ধরতে যে তিনি বেশ ভালোবাসেন, তা আগেও বোঝা গিয়েছিল। কিছুদিন আগেই পান্ডুয়ায় হুগলি জেলা সভাপতি তুষার মজুমদারের বাড়িতে গিয়েছিলেন প্রাক্তন সাংসদ। সেখানেও মাছ ধরতে দেখা গিয়েছিল তাঁকে।
আগেও দেখা গেছে মাছ ধরতে
পান্ডুয়ায় দলীয় সদস্যের বাড়িতে গিয়ে ছিপ, টোপ নিয়ে মাছ ধরতে সোজা বালিখালে চলে যান দিলীপ ঘোষ। খুব বড় মাছ হাতে না পেলেও তেমন মুখভার করেননি তিনি। ইঙ্গিতপূর্ণ ভাবে বলেছিলেন, ‘পুঁটি থেকে রূপচাঁদা দিয়ে শুরু করলাম আমরা। ছাব্বিশের আগে বড় মাছ ধরব।’
যদিও মঙ্গলবার বিশেষ মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। ‘সবসময় রাজনীতি নয়’, এমনটাই মন্তব্য করেন দিলীপ। তবে রায়নার বিজেপি কর্মীরা বলেন, দিলীপ ঘোষ ওখানে গিয়ে পুজো দিয়েছেন, মাছও ধরেছেন। এটাই তাঁদের কাছে বড় প্রাপ্তি।