‘যোগ্য’ শুধু নন, ‘চিহ্নিত অযোগ্য’দের নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা! কী বললেন মমতা?

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিহারাদের উদ্দেশে একগুচ্ছ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা করেন এবং ‘চিহ্নিত অযোগ্য’দের ভবিষ্যৎ নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করার পাশাপাশি ‘চিহ্নিত অযোগ্য’দের বেতন ফেরত এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে ও যাদের চাকরি বাতিল হয়েছে, তাঁরা শিক্ষা দফতরেও যোগ দিতে পারেন।” তিনি স্পষ্ট করে দেন যে, ‘চিহ্নিত অযোগ্য’দের সামনে বেশ কিছু বিকল্প পথ খোলা রয়েছে। মমতা বলেন, “যারা বাতিল হয়ে গিয়েছেন… তাঁদের বলা হয়েছে, এই পরীক্ষায় বসতে পারবেন না। কিন্তু তাঁরা অন্য দফতরে যোগ দিতেই পারেন। আদালত সেটাও বলে দিয়েছে।”

মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, “যাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে ও যাদের বাতিল করা হয়েছে, এছাড়াও অনেক শিক্ষক রয়েছেন… ওনারা শিক্ষা দফতরেও যোগ দিতে পারেন। তাছাড়া আরও তিন-চারটে দফতরের বিকল্প দেব। তবে সেটা আমরা আলাদা করে নোটিফাই করব।”

গতকালকের সাংবাদিক সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করা হলেও রিভিউর পথও খোলা রয়েছে। তিনি বলেন, “নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করব। রিভিউতে যদি ভালো ফল পাই, তাহলে সেটা গ্রহণ করব।”

অন্যদিকে, চাকরিহারাদের উদ্দেশে এদিন মুখ্যমন্ত্রীর পরামর্শ, রিভিউয়ের জন্য অপেক্ষা করতে হবে এবং পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিলে চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সবাইকে বলব, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী অপশন এক ও অপশন দুই দুটোই কাজে লাগান। রিভিউ পিটিশন করে বিচার না পাওয়া গেলে ও আপনারা পরীক্ষা না দিলে আর চাকরি পাওয়ার সুযোগ থাকবে না।”

মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় নতুন নিয়োগের আশায় থাকা প্রার্থী এবং চাকরিহারাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সরকার একদিকে যেমন সুপ্রিম কোর্টের নির্দেশ পালনে বদ্ধপরিকর, তেমনই ‘চিহ্নিত অযোগ্য’দের জন্য বিকল্প পথের সন্ধান দিতে চাইছে।