ভিডিও কলে নাতির মুখ দেখলেন দাদু লালু, জেনেনিন কেমন হল তেজস্বীর ছেলে? দেখেনিন ছবি

পারিবারিক অস্থিরতার আবহে লালু প্রসাদ যাদবের পরিবারে এল এক খুশির খবর। সদ্যই বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে ত্যাজ্য করার পর, আজ মঙ্গলবার পুত্রসন্তানের জন্ম দিলেন ছোট ছেলে তেজস্বী যাদবের স্ত্রী রাজশ্রী। কলকাতার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম হয়েছে। এই সুখবর নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী।

মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডলে সদ্যোজাত পুত্রসন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করে তেজস্বী লিখেছেন, “সুপ্রভাত! অবশেষে অপেক্ষার অবসান! আমাদের ছোট্ট শিশুসন্তানের আসার খবর জানাতে পেরে আমি ধন্য।” এটি তেজস্বী যাদব এবং রাজশ্রীর দ্বিতীয় সন্তান। ২০২১ সালের ডিসেম্বর মাসে তাদের বিয়ে হয়েছিল এবং ২০২৩ সালের মার্চ মাসে তারা কন্যাসন্তানের বাবা-মা হন। রাজশ্রী গত কয়েক দিন ধরেই কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।

আপাতত ভিডিও কলেই নাতির মুখ দেখেছেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। জানা গেছে, তিনি শীঘ্রই হাসপাতালে পৌঁছবেন। রবিবারই লালু প্রসাদ, তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং মেয়ে মিশা ভারতী কলকাতায় এসে পৌঁছেছেন।

Tejashwi Yadav Son

 

উল্লেখ্য, গত দু’দিন ধরেই লালুর পরিবার সংবাদ শিরোনামে। বিহারের অলিগলিতে এবং চায়ের ঠেকে এখন চর্চার বিষয়বস্তু লালুর বড় ছেলে তেজ প্রতাপের কার্যকলাপ। সম্প্রতি হাসানপুরের আরজেডি বিধায়ক তেজ প্রতাপকে দল এবং পরিবার থেকে বহিষ্কার করেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ভাইরাল হন তেজ প্রতাপের সঙ্গে অনুষ্কা যাদব নামে এক মহিলার ছবি, যেখানে ১২ বছর ধরে প্রেমের সম্পর্কে থাকার উল্লেখ ছিল। তেজ প্রতাপকে ‘দায়িত্বজ্ঞানহীন’ তকমা দিয়ে এবং পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে আরজেডি সুপ্রিমো তাকে দল থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করেন। শুধু দল থেকেই বহিষ্কার নয়, তাকে পরিবার থেকেও ত্যাজ্য করেছেন তিনি।

Tejashwi Yadav Son

 

এই পারিবারিক অশান্তিতে জর্জরিত লালু পরিবারে কিছুটা হলেও যেন খুশির হাওয়া বয়ে আনল তেজস্বী ও রাজশ্রীর এই সদ্যোজাত পুত্রসন্তান। নতুন এই সদস্যের আগমন পরিবারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকেই।