সুন্দরবনের প্রবেশদ্বার ‘মৃত্যুফাঁদ’! ঘুরতে গেলে চোখকান রাখতে হবে খোলা, আতঙ্কিত এলাকাবাসী

ন্দরবনের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রে যাতায়াতের অন্যতম প্রধান রাস্তা বাসন্তী হাইওয়ে এখন যেন আতঙ্কের নামান্তর। কলকাতা থেকে অল্প সময়ে সুন্দরবনে পৌঁছানোর জন্য এই রাস্তার উপর নির্ভরশীল অসংখ্য মানুষ। তবে গত কয়েক মাসে এই রাস্তা একের পর এক মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থেকেছে, কেড়ে নিয়েছে বহু মানুষের প্রাণ, আহত হয়েছেন বহু যাত্রী ও পথচারী। বিশেষ করে মিনাখাঁ থানার বামনপুকুর ও জয়গ্রাম মোড় সংলগ্ন এলাকা রীতিমতো দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র গত এক বছরে এই এলাকায় একাধিক বড়সড় দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে বেশ কয়েকটি ছিল প্রাণঘাতী। ট্রাক, বাস, মোটরবাইক থেকে শুরু করে ছোট গাড়ি পর্যন্ত সমস্ত ধরনের যানবাহন এই রাস্তায় বিপজ্জনক গতিতে চলাচল করে, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দ্রুতগতির গাড়িগুলো কোনো নিয়ন্ত্রণ ছাড়াই ওই মোড়গুলোতে ঢুকে পড়ে, যার ফলস্বরূপ একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে।
প্রতিদিন এই রাস্তা ব্যবহার করেন স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ। কিন্তু যেভাবে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, তাতে রীতিমতো আতঙ্কিত সকলে। ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠাতেও অনেক অভিভাবক দ্বিধায় ভুগছেন বলে জানা গেছে। দুর্ঘটনা কমানোর জন্য অবিলম্বে স্পিড ব্রেকার বসানোর জোরদার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বাসন্তী হাইওয়ে কেবল একটি সাধারণ রাস্তা নয়, এটি সুন্দরবনের মতো গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্রের প্রবেশদ্বার। এই রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করা না গেলে শুধু স্থানীয় বাসিন্দারাই নন, পর্যটকেরাও নিরাপত্তাহীনতায় ভুগবেন। অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই বিপজ্জনক স্থানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।