প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট তৃণমূল নেতার! থানায় অভিযোগ দায়ের করল বিজেপি

“অপারেশন সিঁদুর” নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা রণবীর মজুমদার। তাঁর পোস্ট ভাইরাল হতেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। ইতিমধ্যেই বিজেপির তরফে এই তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত তৃণমূল নেতার পাশেই দাঁড়িয়েছেন তৃণমূল নেতৃত্ব, যা পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলেছে।
বিজেপির অভিযোগ, তৃণমূল নেতা রণবীর মজুমদার দেশের প্রধানমন্ত্রীর ছবি শেয়ার করে, তাঁর এক মন্তব্যের প্রেক্ষিতে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন এবং তা নিজের সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এই ঘটনার পরই বিজেপির তরফে বেলাকোবা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
বিজেপি কিষাণ মোর্চার জেলা সভাপতি নকুল দাস এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “তৃণমূল নেতা রণবীর মজুমদার ভারতের প্রধানমন্ত্রীর নামে ও অপারেশন সিঁদুর নিয়ে যে কুরুচিকর মন্তব্য দিয়ে পোস্ট করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়। সারা দেশ যখন অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছে, সেই সময় উনি এই জাতীয় কটূক্তি করেছেন, যা অত্যন্ত নিন্দনীয়। এইসব মানুষকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত।”
তবে, এই বিতর্কের মধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতার পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “বাক স্বাধীনতা সকলের আছে। বিজেপি তা মানতে চায় না। আমরা রণবীর মজুমদারের পাশে আছি।”