কাঁথিতে মর্মান্তিক দুর্ঘটনা! পিছলে গেল স্কুটির চাকা, লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল স্কুল শিক্ষকের

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক স্কুল শিক্ষক। সোমবার সকালে কাঁথি মাজনা রাজ্য সড়কের নামালের কাছে একটি লরির চাকায় পিষ্ট হন শিক্ষক আরিফ আহমেদ খান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে রাস্তার ধারে লাগানো সিসিটিভি ক্যামেরায়।

জানা গিয়েছে, মৃত শিক্ষক আরিফ আহমেদ খানের বাড়ি মন্দারমণির ডেরা কালিন্দীতে। স্থানীয় সূত্রে খবর, রাস্তার পাশে বালি এবং অন্যান্য নির্মাণ সামগ্রী পড়ে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি নিয়ে পড়ে যান তিনি।

ঠিক সেই সময় পেছন দিক থেকে একটি লরি এসে পড়লে, লরির চাকায় পিষ্ট হন ওই শিক্ষক। সূত্রের খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় আরিফ খানের। কাঁথি মাজনা রাস্তার এই ভয়াবহ দুর্ঘটনার স্পষ্ট ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।

এই ঘটনায় শোকস্তব্ধ স্থানীয় বাসিন্দারা। রাস্তার পাশে নির্মাণ সামগ্রী ফেলে রাখার অব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে লরিটিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।