চিন্তা বাড়াচ্ছে করোনা! বাংলায় ৭ দিনে ১৮ জন আক্রান্তের খোঁজ, রাজ্যবাসীকে আশ্বস্ত করে আর কী বললেন চন্দ্রিমা?

২০২০-এর মার্চ মাস, আচমকা স্তব্ধ হয়ে গিয়েছিল জনজীবন। মাস্ক, স্যানিটাইজার, কোয়ারেন্টাইন—প্রায় দুই বছর ধরে এই ছিল দৈনন্দিন চিত্র। সেই দুঃসহ স্মৃতি আজও অনেকের মনে টাটকা। এর মধ্যেই ফের মাথাচাড়া দিচ্ছে করোনা (Covid)। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে আশ্বস্ত করে বড় বার্তা দিলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তিনি বলেন, “আমরা তৈরি আছি।”
চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যবাসীকে আশ্বস্ত করে আরও বলেন, এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি জানান, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং রাজ্য সরকার যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত।
ভারতে ফের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তামিলনাড়ু, গুজরাট, কর্ণাটক, দিল্লি, রাজস্থান, সিকিম, হরিয়ানায় নতুন করে আক্রান্তের খোঁজ মিলেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের মগরাহাটেও করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, গত এক সপ্তাহে বাংলা জুড়ে ১৮ জন কোভিড আক্রান্তের খোঁজ পাওয়া গেছে।
বর্তমানে কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) দুইজন আক্রান্তের চিকিৎসা চলছে। নয় মাসের এক শিশুকে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। অন্যদিকে, পঞ্চান্ন বছর বয়সী এক মহিলা আইসোলেশনে রয়েছেন। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে অনেকেই চিন্তিত। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আশ্বাস কিছুটা হলেও স্বস্তি এনেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ১৯-২৬ মে পর্যন্ত ভারতে ৭৫২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ভারতে ১০০৯টি সক্রিয় করোনা কেস রয়েছে। কেরলে সংক্রমণের হার সবচেয়ে বেশি। মহারাষ্ট্র, গুজরাট এবং দিল্লির নামও রয়েছে তালিকায়। পশ্চিমবঙ্গেও গত এক সপ্তাহে ১৮ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে।
এই পরিস্থিতিতে রাজ্য সরকার সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রস্তুত রয়েছে বলে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন। তিনি রাজ্যবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।