রাত থেকেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি মুম্বইয়ে, জারি লাল এবং কমলা সতর্কতা!

রবিবার রাত থেকে মুম্বই জুড়ে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি। এর জেরে শহরের একাধিক নিচু এলাকায় জল জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে এবং কিছু অংশে রেল পরিষেবাও প্রভাবিত হয়েছে। আবহাওয়া দফতর আজ সোমবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং শহরের বিভিন্ন অংশে জারি করেছে লাল ও কমলা সতর্কতা। এর ফলে আজ মুম্বইয়ের জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া দফতর মুম্বইয়ের বোরিভালি, সান্তাক্রুজ, পাওয়াই, মুলুন্ড, চেম্বুর, ওরলি, কোলাবা এবং আলিবাগে লাল সতর্কতা জারি করেছে। অন্যদিকে, নবি মুম্বই, থানে এবং কল্যাণে জারি করা হয়েছে কমলা সতর্কতা। সোমবার সকাল থেকেই মুম্বইয়ে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে শুরু করেছে। যদিও রাতে শহর বা শহরতলির কোথাও বড় ধরনের জল জমার খবর পাওয়া যায়নি, তবে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন সূত্রে জানা গেছে, মহানগরীর কয়েকটি নিচু এলাকা জলমগ্ন হয়েছে।
সোমবার ভোর তিনটে নাগাদ আবহাওয়া দফতর জানিয়েছিল, পরবর্তী ৩-৪ ঘণ্টা মুম্বই ও শহরতলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাস মতোই বেশ কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং ভারী বৃষ্টিপাত হবে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আইএমডি আরও জানিয়েছে, পুরো সপ্তাহ জুড়েই মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, এদিন সকালে বৃষ্টিপাতের ফলে শহরের বেশ কয়েকটি অংশে যান চলাচল পরিষেবার পাশাপাশি মধ্য ও পশ্চিম রেলওয়ের শহরতলির পরিষেবা ব্যাহত হয়েছে। মধ্য রেলওয়ের এক মুখপাত্র জানিয়েছেন, অবিরাম বৃষ্টিপাতের কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় শহরতলির ট্রেনগুলি আট থেকে দশ মিনিট দেরিতে চলছে। তবে পশ্চিম রেলওয়ের এক মুখপাত্রের মতে, শহরতলির পরিষেবা ব্যাহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি, যদিও কিছু যাত্রী সোশ্যাল মিডিয়ায় ট্রেন দেরির বিষয়ে অভিযোগ করেছেন।
উল্লেখ্য, ২৫শে মে রবিবার দক্ষিণ মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া এবং উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকের সংলগ্ন অঞ্চলে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়। সেটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং তার প্রভাবেই মুম্বইয়ে এই বৃষ্টিপাত। মধ্য মহারাষ্ট্র অঞ্চলেও সোমবারের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আঞ্চলিক আবহাওয়া অফিস এই অঞ্চলে বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।