Recipe: গরমের দুপুরে খেয়ে দেখুন ‘পোস্ত বড়ার টক’, শিখেনিন রান্নার দুর্দান্ত পদ্ধতি

বাঙালির রসনা তৃপ্তিতে পোস্তর পদ এক অন্যরকম জায়গা দখল করে আছে। সজনে ডাঁটার পোস্ত, পটল পোস্ত, বা ঝরঝরে আলুপোস্ত—এই পদগুলো ছাড়া বাঙালির ভোজন প্রায় অসম্পূর্ণ। তবে এবার সেই পোস্ত দিয়ে তৈরি পদে নতুনত্ব আনতে চাইলে বানিয়ে ফেলতে পারেন সম্পূর্ণ ভিন্ন স্বাদের ‘পোস্ত বড়ার টক’। রইল সেই অভিনব রেসিপি, যা আপনার পাতে আনবে এক নতুন মাত্রা।
উপকরণ:
পোস্ত: ৩-৪ চা চামচ
কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া: ২টি
শুকনো লঙ্কা: ১টি
বড় পেঁয়াজ কুচোনো: ১টি
পাঁচফোড়ন: আধ চা চামচ
তেঁতুলের ক্বাথ: ৪ চা চামচ
হলুদ: এক চিমটে
নুন: স্বাদমতো
সর্ষের তেল: ৩ চামচ
ময়দা: সামান্য
প্রণালী:
১. প্রথমেই পোস্তদানাগুলোকে পরিষ্কার করে জলে ভিজিয়ে রাখুন। এরপর অল্প নুন দিয়ে ভালো করে মিহি করে বেটে নিন।
২. এবার বাটা পোস্তর সাথে কুচানো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি এবং সামান্য ময়দা মিশিয়ে বড়ার আকারে গড়ে নিন। পোস্তের পরিমাণ অনুযায়ী বড়ার মাপ ছোট-বড় হতে পারে।
৩. একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে বড়াগুলো সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন।
৪. ওই তেলেই পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। হালকা নেড়েচেড়ে তাতে তেঁতুলের ক্বাথ এবং প্রায় এক কাপ জল যোগ করুন।
৫. আঁচ কমিয়ে এতে নুন, হলুদ, চিনি ও কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিন।
৬. ঝোল ফুটে উঠলে গ্যাস বন্ধ করে নামিয়ে নিন।
৭. সবশেষে, তেঁতুলের এই টক ঝোলে ভেজে রাখা পোস্তর বড়াগুলো ডুবিয়ে দিয়ে ঢেকে রাখুন। কিছুক্ষণ পর বড়াগুলো ঝোল শুষে নিলে এটি পরিবেশনের জন্য প্রস্তুত। গরম ভাতের সাথে এই ‘পোস্ত বড়ার টক’ এক অনবদ্য স্বাদ এনে দেবে আপনার পাতে।