‘আমেরিকায় ব্যবসা করতে হলে…’, ট্রাম্পের কড়া বার্তা! নিশানায় Samsung, ক্ষতির মুখে পড়তে পারে ভারত-সহ একাধিক দেশ

প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার টেক জায়ান্ট স্যামসাংকে হুঁশিয়ারি দিয়েছেন। আমেরিকায় ফোন তৈরি না করলে ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপানোর কথা বলেছেন তিনি। ট্রাম্পের সাফ কথা, যত বড় সংস্থাই হোক না কেন, আমেরিকার বাজারে ফোন বিক্রি করতে হলে তাদের অবশ্যই আমেরিকাতেই ফোন তৈরি করতে হবে, অন্যথায় চড়া হারে শুল্ক দিতে হবে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেন ট্রাম্প। এর আগে তিনি অ্যাপলকে একই হুমকি দিয়েছিলেন। অ্যাপলের উপরও চড়া শুল্ক কার্যকর হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আরও অনেক আছে। স্যামসাং এবং অন্য যে কোনো সংস্থা, যারা (ফোন) তৈরি করে। নইলে ন্যায় হবে না।” ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, চলতি বছরের জুন মাসের শেষ থেকেই এই শুল্ক কার্যকর হতে পারে। শুধু অ্যাপল বা স্যামসাং নয়, অন্যান্য ফোন নির্মাণকারী সংস্থাগুলিকেও চড়া শুল্কের মুখে পড়তে হতে পারে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসেই ট্রাম্প তাবড় দেশগুলির সঙ্গে কার্যত শুল্কযুদ্ধে নেমেছেন। বর্তমানে তাবড় তথ্যপ্রযুক্তি সংস্থাও তাঁর নজরে। কিছুদিন আগে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহে দুই দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর কথা বললেও, পরে ১৮০ ডিগ্রি ঘুরে যান ট্রাম্প। অ্যাপলের সিইও টিম কুককে সাফ জানিয়ে দেন, ভারতে ব্যবসা বাড়ানো যাবে না। ভারত বা অন্য কোনো দেশে নয়, আমেরিকাতেই কারখানা গড়ে ফোন তৈরি করতে হবে।
অ্যাপল নিজের অবস্থানে অনড় থাকায় তাদের পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেন ট্রাম্প। ট্রাম্পের স্পষ্ট বক্তব্য, “অনেক আগেই অ্যাপলের সিইও টিম কুককে জানিয়ে দিয়েছি যে, আইফোন আমেরিকায় বিক্রি করতে হলে, তার কারখানাও আমেরিকায় গড়তে হবে, ভারত বা অন্য কোনো দেশে নয়। এর অন্যথা হলে কমপক্ষে ২৫ শতাংশ শুল্ক দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। উনি ভারতে কারখানা গড়ার কথা জানালেন। আমিও বলেছি, ঠিক আছে, ভারতে যান। সেক্ষেত্রে এখানে শুল্ক ছাড়া ফোন বিক্রি করতে পারবেন না। এটাই নিয়ম।” এবার দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং এবং বাকিদের ক্ষেত্রেও একই ঘোষণা করলেন।
ট্রাম্পের এই ঘোষণার পরই অ্যাপলের শেয়ারে কার্যত ধস নামে, প্রায় ২.৬ শতাংশ পতন দেখা দেয় এবং বাজার থেকে প্রায় ৭০ বিলিয়ন ডলার মুছে যায়। পরিসংখ্যান অনুযায়ী, অ্যাপলের ৯০ শতাংশ ফোনই চিনে তৈরি হয়। সম্প্রতি ভারতেও ব্যবসা সম্প্রসারণে উদ্যোগী হয়েছে অ্যাপল।
অন্যদিকে, স্যামসাং চিনের উপর নির্ভরশীল নয়। ২০১৯ সালে চিনে নিজেদের শেষ কারখানাটিও বন্ধ করে দেয় তারা। বরং স্যামসাংয়ের সিংহভাগ ফোনই তৈরি হয় ভারত, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং ব্রাজিলে। ফলে ট্রাম্পের এই ঘোষণায় ভারতের উপরও প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।
পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হয় স্যামসাংয়ের ফোন এবং গুগল-এর অ্যান্ড্রয়েড সফটওয়্যারও স্যামসাংয়ের উপর অনেকাংশে নির্ভরশীল। ট্রাম্পের এই ঘোষণার পর তাদের অবস্থান কী হবে, তা এখনো জানা যায়নি। ট্রাম্পের এই সংরক্ষণবাদী নীতি বিশ্ব বাণিজ্যকে কীভাবে প্রভাবিত করবে, তা-ই এখন দেখার বিষয়।