জুসের প্যাকেটে কোটি টাকার বিদেশী সিগারেট! পাচার রুখল পুলিশ, গ্রেফতার ২

ফাঁসিদেওয়ার ফুলবাড়ী-ঘোষপুকুর ২৭ নম্বর জাতীয় সড়কে একটি পার্সেল গাড়িতে জুসের প্যাকেটের আড়ালে লুকিয়ে রাখা প্রায় কোটি টাকার বিদেশি সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ কনটেনারটি আটক করে। তল্লাশির পর গাড়িটি থেকে ২১৪ কার্টুন সিগারেট উদ্ধার করা হয়। জানা গেছে, উদ্ধারকৃত এই সিগারেটগুলো গুয়াহাটি থেকে মুম্বাই যাচ্ছিল।

ঘটনায় ফজল আহমদ ও এরশাদ খান নামে দুই যুবককে গ্রেফতার করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। ধৃতরা অসমের বাসিন্দা। শনিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।এই ঘটনা আবারও অবৈধ পাচার চক্রের নতুন কৌশল এবং তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার সতর্কতার বিষয়টি তুলে ধরল। পুলিশ এই পাচার চক্রের সঙ্গে জড়িত আরও বড় রাঘববোয়ালদের খোঁজে তদন্ত শুরু করেছে।