গুজরাটে BSF-এর সতর্কতাকে চ্যালেঞ্জ! পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা

যুদ্ধবিরতির আবহেই ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে অনুপ্রবেশ বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। আর এই অভিযানেই শনিবার গুজরাটের বনসকাঁঠা জেলায় সাফল্য পেল সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টাকালে বিএসএফ জওয়ানদের গুলিতে এক পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত হয়েছে।

বিএসএফ কর্তারা জানিয়েছেন, শুক্রবার (২৩ মে) রাতে ওই পাক অনুপ্রবেশকারী ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। তাকে বার বার পিছু হটতে সতর্ক করা হয়েছিল। কিন্তু সে সেই সতর্কবার্তায় কর্ণপাত না করে সীমান্ত পেরিয়ে এগিয়ে আসতে থাকে। এরপরই তাকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ জওয়ানরা।

গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলা এবং তার পরবর্তী সামরিক উত্তেজনার পর থেকে দুই দেশের মধ্যে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই পরিস্থিতিতে এই ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ।

চলতি মাসের শুরুতেও একই রকম একটি ঘটনা ঘটেছিল পাঞ্জাবের ফিরোজপুরে। আন্তর্জাতিক সীমান্ত (আইবি) বরাবর ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টাকারী আরেক পাকিস্তানি নাগরিককে বিএসএফ গুলি করে হত্যা করে। সেই অনুপ্রবেশকারীকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করতে এবং অন্ধকারের আড়ালে সীমান্ত নিরাপত্তা বেড়ার দিকে এগিয়ে যেতে দেখা গিয়েছিল। বিএসএফ জওয়ানরা সতর্ক করা সত্ত্বেও, লোকটি এগিয়ে যেতে থাকে, যার ফলে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তাকে গুলি চালাতে বাধ্য হয়।