পহেলগাও হামলার ১মাস পূর্ণ! ‘দেশের সেনাবাহিনীকে সম্মান করি’, কলকাতায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মুখ খুললেন কাজল

কলকাতায় এসে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কাজল। তিনি স্পষ্ট ভাষায় জানান, “আমি দেশের সেনাবাহিনীকে সম্মান করি।” দেশের সুরক্ষায় ভারতীয় সেনাবাহিনী যে কাজ করে চলেছে, তার জন্য তাদের ধন্যবাদও জ্ঞাপন করেন অভিনেত্রী।

আজ, ২২ মে, পহেলগাম হামলার এক মাস পূর্ণ হল। গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ ভ্যালিতে এক ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের প্রাণহানি ঘটে। পরিবারগুলির চোখের সামনেই ২৬ জনকে হত্যা করে পাকিস্তানি জঙ্গিরা। এই নারকীয় হামলার কয়েক দিন পরেই, অর্থাৎ ৭ মে, ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। এই বিশেষ অভিযানটি ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (POK) ঢুকে সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস করা।

‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারতীয় বায়ুসেনা পাক অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিনের একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। এই অভিযানে প্রায় ১০০ জন জঙ্গি নিহত হয়। ভারত যে সন্ত্রাসবাদকে কোনওরকম প্রশ্রয় দেবে না, দিল্লি এই অভিযানের মাধ্যমে সেই বার্তা স্পষ্ট করে দিয়েছে।

পহেলগাম হামলার এক মাস পূর্তির দিনে কলকাতায় উপস্থিত হয়ে কাজল ভারতীয় সেনাবাহিনীকে তাদের সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান। অভিনেত্রীর এই মন্তব্য দেশের সামরিক বাহিনীর প্রতি তাঁর গভীর শ্রদ্ধার প্রতিফলন বলেই মনে করছেন অনেকে।