বড়সড় অস্ত্রপাচারের ছক ভেস্তে দিল বহরমপুর পুলিশ! গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী

বড়সড় অস্ত্রপাচারের ছক ভেস্তে দিল বহরমপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৭টি আগ্নেয়াস্ত্র, ১৩টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় হাবুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত হাবুল শেখ দীর্ঘদিন ধরে অস্ত্রপাচারের কারবারের সঙ্গে যুক্ত। সে এবং তার সঙ্গীরা বিহারের মুঙ্গের থেকে অস্ত্র এনে বিভিন্ন জায়গায় পাচার করত। সম্প্রতি বড়ঞ্চার এক ব্যক্তির সঙ্গে অস্ত্রের একটি বড়সড় চুক্তি হয়েছিল হাবুলের। সেই চুক্তি অনুযায়ী অস্ত্রগুলি সরবরাহ করতে যাওয়ার সময় পুলিশের জালে ধরা পড়ে সে।

পুলিশ জানিয়েছে, নওয়াদার পানুর রেল গেট এলাকায় হাবুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৭টি ৭.৬৫ এমএম বোরের পিস্তল, ১০ রাউন্ড তাজা বুলেট এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এছাড়াও, অস্ত্রপাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশি জেরায় হাবুল জানিয়েছে, সে বাংলাদেশের সঙ্গেও অস্ত্রপাচারের সঙ্গে জড়িত। তদন্তে আরও জানা গিয়েছে, এর আগেও চারবার গ্রেফতার হয়েছিল এই কুখ্যাত পাচারকারী।

ধৃত হাবুল শেখকে আজ আদালতে তোলা হবে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানাবে। এই অস্ত্রপাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের সন্ধান পেতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।