রাহুল গান্ধি-পাক সেনাপ্রধানের সম্পাদিত ছবি ভাইরাল! এক ফ্রেমে দুই মুখ, ‘লজ্জাজনক’ পোস্টে থানায় থানায় FIR কংগ্রেসের

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির একটি সম্পাদিত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বিজেপি-র আইটি প্রধান অমিত মালব্যের পোস্ট করা এই ছবিটিকে কেন্দ্র করে কংগ্রেস অভিযোগ তুলেছে যে, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে রাহুল গান্ধি প্রশ্ন তোলায় তাঁকে এবং তাঁর দলকে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি রাজ্যজুড়ে থানায় থানায় এফআইআর দায়ের করার কর্মসূচি নিয়েছে।

গতকাল (বুধবার) রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে কংগ্রেস অভিযোগ করেছে। আজও (বৃহস্পতিবার) এই বিক্ষোভ অব্যাহত রেখেছে প্রদেশ কংগ্রেস। আজ উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায় কংগ্রেস নেতা-কর্মীরা এফআইআর দায়ের করেন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক সুমন রায় চৌধুরীর নেতৃত্বে মিছিল করে থানায় গিয়ে এই অভিযোগ জানানো হয়।

সুমন রায় চৌধুরী অভিযোগ করেন, এই ঘটনা নতুন নয়। রাহুল গান্ধির ‘ভারত জোড়ো যাত্রা’-র সময়ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল, কিন্তু সে সময়ও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাঁর প্রশ্ন, “আমরা যদি তৃণমূল নেতা মন্ত্রীদের বিরুদ্ধে মামলা বা অভিযোগ দায়ের করতাম, তবুও ভাবতাম তৃণমূল ক্ষমতায় আছে বলে পুলিশ পদক্ষেপ করছে না। মনিবের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে। কিন্তু বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ কেন ব্যবস্থা নেয় না বুঝি না। মনিবের বন্ধু বলে? তৃণমূল-বিজেপির বোঝাপড়ায় কি পুলিশও সামিল?”

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অমিত মালব্যের এই পোস্টের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, “অমিত মালব্যের করা লজ্জাজনক, বিভাজনমূলক ও ভিত্তিহীন আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। যখন দেশের প্রয়োজন ঐক্য, পরিণতিবোধ এবং যুক্তিসঙ্গত আলোচনার, তখন অমিত মালব্যের বিষাক্ত ভাষণ আমাদের গণতন্ত্রকে দুর্বল করে। ভারতের জনগণের বুদ্ধিমত্তাকে অপমান করে।”

তিনি আরও বলেন, “অপারেশন সিঁদুর চলাকালে রাহুল গান্ধি সম্পূর্ণভাবে ভারত সরকারের পাশে দাঁড়িয়েছেন। তিনি আমাদের সশস্ত্র বাহিনী ও দেশের নেতৃত্বকে সীমান্ত পারের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পূর্ণ সমর্থন জানিয়েছেন। সেই অবস্থানকে বিকৃত করে ক্ষুদ্র রাজনৈতিক বিদ্রূপে পরিণত করা শুধু লজ্জাজনক নয়, এটি জাতির স্বার্থবিরোধী।”

জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতির পরিবারের মর্যাদার কথা টেনে এনে শুভঙ্কর সরকার বলেন, “অমিত মালব্যের নৈতিক অধিকার নেই রাহুল গান্ধির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার। রাহুল গান্ধি এমন এক পরিবারের সন্তান, যাঁরা ভারতের জন্য রক্ত উৎসর্গ করেছেন। তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধি এবং পিতা রাজীব গান্ধি দেশের জন্য জীবন দিয়েছেন। এই উত্তরাধিকার সাহস, দেশপ্রেম এবং জাতীয়তাবাদের। যা কোনো বিজেপি নেতা, বিশেষ করে যিনি সামাজিক মাধ্যমে মিথ্যা ছড়িয়ে নিরাপদ দূরত্বে থাকেন, তা বোঝার যোগ্যতাও রাখেন না।”

তিনি আরও কটাক্ষ করে বলেন, “অমিত মালব্য সেই দলের সদস্য, যাঁরা সাভারকরের প্রশংসা করেন। যিনি ব্রিটিশ শাসকদের কাছে ক্ষমাভিক্ষা চেয়ে স্বাধীনতা সংগ্রাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। বিজেপি সেইসব চরিত্রের বন্দনা করে, যাঁরা ক্ষমা প্রার্থনার চিঠি লিখেছেন। অথচ যাঁরা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, তাঁদের বংশধরদের বিদ্রূপ করে। বিজেপির কাছে জাতীয়তাবাদের কোনো নৈতিক দাবি নেই। বিজেপি ইতিহাসের কাপুরুষতা ও রাজনৈতিক সুবিধাবাদিতার উপর দাঁড়িয়ে আছে।”

সবশেষে শুভঙ্কর সরকার মন্তব্য করেন, “অমিত মালব্যের এই মন্তব্য শুধু রাহুল গান্ধিকে নয়, সমস্ত ভারতবাসীকে অপমান করে। যখন দেশের একতা ও সহিষ্ণুতার প্রয়োজন, তখন তিনি ঘৃণা ও বিভাজনের বীজ বপন করছেন। প্রত্যেক নাগরিক এবং রাজনৈতিক দলের উচিত অমিত মালব্যের এই বিপজ্জনক মন্তব্যের বিরুদ্ধে সরব হওয়া। এটি এখন আর কেবল দলীয় বিষয় নয়, এটি ভারতের আত্মার প্রশ্ন। সেই আত্মাকে দৃঢ়ভাবে রক্ষা করতেই হবে।”